প্রধানমন্ত্রী মোদী সফরের মূল বিষয় হিসেবে ভারত-জাপান স্পেশাল স্ট্র্যাটেজিক ও গ্লোবাল পার্টনারশিপ আরও মজবুত করার কথা তুলে ধরেছেন।

দুই দিনের সরকারি সফরে ইতিমধ্যেই জাপানে পৌঁছছেন প্রধানমন্ত্রী
শেষ আপডেট: 29 August 2025 07:35
দ্য ওয়াল ব্যুরো: দুই দিনের সরকারি সফরে ইতিমধ্যেই জাপানে (two day visit to Japan) পৌঁছছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime minister Narendra Modi)। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার (Shigeru Ishiba) আমন্ত্রণে অনুষ্ঠিত ১৫তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে (15th India-Japan Annual Summit) যোগ দিতেই তাঁর এই সফর। সাত বছর পর এটাই তাঁর প্রথম একার জাপান সফর।
টোকিও বিমানবন্দরে ভারতীয় প্রবাসীরা তাঁকে স্বাগত জানান। জাপানি শিল্পীরাও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে তোলেন।
এই সফরের মূল লক্ষ্য কী?
প্রধানমন্ত্রী মোদী সফরের মূল বিষয় হিসেবে ভারত-জাপান স্পেশাল স্ট্র্যাটেজিক ও গ্লোবাল পার্টনারশিপ (Special Strategic and Global Partnership) আরও মজবুত করার কথা তুলে ধরেছেন। অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সেমিকন্ডাক্টর (semiconductors) প্রযুক্তিতে যৌথ উদ্যোগকে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।
মোদী বলেছেন, “আমরা আমাদের সহযোগিতাকে নতুন লক্ষ্য দিতে চাই, বিনিয়োগ সম্পর্ককে আরও বিস্তৃত করতে চাই এবং নতুন ও উদীয়মান প্রযুক্তি - বিশেষত AI ও সেমিকন্ডাক্টর ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে চাই। এই সফর আমাদের সাংস্কৃতিক বন্ধনকেও আরও দৃঢ় করবে।”
ব্লুমবার্গ-এর এক রিপোর্টে বলা হয়েছে, এই সফরে ভারত প্রায় ৬৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেতে পারে। পাশাপাশি সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও AI নিয়ে একটি অর্থনৈতিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনাও রয়েছে।
শিনকানসেন বুলেট ট্রেন-ও থাকছে আলোচনায়
ভারত-জাপান যৌথভাবে নতুন প্রজন্মের E10 শিনকানসেন বুলেট ট্রেন উৎপাদন নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর। এই প্রকল্পকে ৪০ বছর আগে শুরু হওয়া মারুতি-সুজুকি যৌথ উদ্যোগের সাফল্যের সঙ্গে তুলনা করা হচ্ছে।
সফরের সময় প্রধানমন্ত্রী মোদী জাপানের একাধিক প্রিফেকচারের গভর্নরের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
জাপান সফর শেষ করে প্রধানমন্ত্রী চিন যাবেন। ৩১ অগস্ট তিয়ানজিনে SCO (Shanghai Cooperation Organisation) সম্মেলনে যোগ দেবেন তিনি এবং সেখানেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে।