তাঁর দাবি, গত বছর হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যাপক ভোট কারচুপি করেছে। সেই অভিযোগকে তিনি তুলনা করেছেন এক 'হাইড্রোজেন বোমা'-র সঙ্গে।

রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 7 November 2025 11:13
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ভোটার (Fake Voter) এবং নির্বাচনে (Election) কারচুপির অভিযোগ তুলে বিগত কয়েক মাসে একাধিকবার সরব হয়েছেন কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্প্রতি তিনি দাবি করেন, কর্নাটক (Karnataka), হরিয়ানায় (Haryana) লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের ভোটে জিতেছে বিজেপি (BJP)। এবার রাহুল আরও এক ধাপ এগোলেন। সরাসরি নিশানায় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)।
‘ভোট চুরি করেই প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী।’ এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, গত বছর হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যাপক ভোট কারচুপি করেছে। সেই অভিযোগকে তিনি তুলনা করেছেন এক 'হাইড্রোজেন বোমা'-র সঙ্গে। একইসঙ্গে রাহুল বলেন, “আমরা দেশের তরুণ প্রজন্মকে (Gen Z) দেখাব, কীভাবে বিজেপি ‘ভোট চুরি’-র মাধ্যমে ক্ষমতায় এসেছে। মোদী প্রধানমন্ত্রী হয়েছেন চুরি করা ভোটে।”
রাহুলের দাবি, হরিয়ানার মোট ২ কোটি ভোটারের মধ্যে প্রায় ২৫ লক্ষ ভোটই ভুয়ো (Fake Voters)। অর্থাৎ, প্রতি আটজনের মধ্যে একজন ভোটার নকল - প্রায় ১২.৫ শতাংশ। গত বুধবার সাংবাদিক বৈঠকে একটি প্রেজেন্টেশন দেখিয়ে তিনি বলেছিলেন, “এটা কোনও নির্বাচন নয়, পুরোপুরি চুরি।” তিনি আরও বলেন, “আমি প্রমাণসহ অভিযোগ করেছি ভুয়ো ভোট, ভুয়ো ছবি নিয়ে কিন্তু নির্বাচন কমিশন চুপ। বিজেপিকে ওরা শুধু রক্ষার চেষ্টা করছে, কিন্তু অভিযোগগুলি অস্বীকার করছে না।”
কংগ্রেস সাংসদের এই অভিযোগ ঘিরে ফের তীব্র রাজনৈতিক তর্ক শুরু হয়েছে। বিজেপি অবশ্য গোটা অভিযোগকেই ‘মিথ্যে’ বলে উড়িয়ে দিয়েছে। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারির কটাক্ষ, “রাহুল গান্ধী ভারতের গণতন্ত্রের জন্য বিপজ্জনক মানুষ। সংবিধানের প্রতি হুমকি তিনি। ইচ্ছাকৃতভাবে মিথ্যে বলে গণতান্ত্রিক আস্থাকে ধ্বংস করছেন।”
হরিয়ানা নিয়ে রাহুল গান্ধীর সাম্প্রতিক দাবি - অন্তত ২৫ লক্ষ ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছে তালিকায়। শুধু তা নয়, এক মহিলার ছবি ব্যবহার করে অন্তত ২২ বুথে ভোটার আইডি বানানো হয়েছে। কোথাও তাঁর নাম সীমা, কোথাও সুইটি। আর সব বুথেই তিনি ভোট দিয়েছেন। পরে জানা যায়, এই মহিলা আসলে ব্রাজিলিয়ান মডেল।
অন্য এক মহিলার ছবি ব্যবহার করে ২২৩টি বুথে ভোটার আইডি বানানো হয়েছে বলেও অভিযোগ করেন রাহুল এবং বলেন, এটাই প্রমাণ করে হরিয়ানায় ভোটার লিস্টে কেন্দ্রীয় ভাবে অর্থাৎ সেন্ট্রালাইজড কারচুপি হয়েছে।
রাহুল এর আগেও দুই দফায় সাংবাদিক সম্মেলন করেছিলেন। প্রথমটি অগস্টে, যেখানে তিনি বেঙ্গালুরু ও আরও কয়েকটি কেন্দ্রে ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ তোলেন। দ্বিতীয় দফায় তিনি ‘ভোটার ডিলিশন স্ক্যাম’-এর কথা বলেন। তখনই তিনি প্রতিশ্রুতি দেন, আরও বড় প্রমাণ তিনি সামনে আনবেন — যেটাকে তিনি বলেন 'হাইড্রোজেন বোমা।'