ঘটনার সূত্রপাত রাহুল গান্ধীর গতকালের সাংবাদিক সম্মেলন থেকে। তিনি অভিযোগ করেন, হরিয়ানার রাই বিধানসভা কেন্দ্রে একই ছবির মহিলা ২২ বার ভোট দিয়েছেন, বিভিন্ন নামে— সীমা, সুইটি, সরস্বতী, রশ্মি, বিমলা প্রমুখ।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছলেন ব্রাজিলের ফটোগ্রাফার (ডানদিকের জন)
শেষ আপডেট: 6 November 2025 15:40
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভোট চুরির (Vote Chori) অভিযোগে ব্রাজিলের যে মহিলার ছবি ঘিরে দেশজুড়ে তোলপাড়, সেই ছবির ফটোগ্রাফার এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেললেন। সোশ্যাল মিডিয়ার তীব্র আক্রমণের মুখে পড়ে 'হেনস্থার' শিকার হয়েছেন তিনি।
ব্রাজিলের বেলো হরিজন্তে শহরের বাসিন্দা মাতেউস ফেরেরো ২০১৭ সালে নীল ডেনিম জ্যাকেট পরা এক মহিলার ছবি তুলেছিলেন। ছবিটি তাঁর অনুমতিতে অনলাইনে শেয়ারও করেন। ‘Woman Wearing Blue Denim Jacket’ শিরোনামের ওই ছবিটি পরে আনস্প্ল্যাশ ও পেক্সেলস-এর মতো স্টক ফটো ওয়েবসাইটে আপলোড করা হয়, যেখান থেকে সেটি ৪ লক্ষেরও বেশি বার ডাউনলোড হয়েছে। কিন্তু বৃহস্পতিবার, হরিয়ানার ভোট জালিয়াতি নিয়ে রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগের সময় তিনি ওই ছবিটিই ব্যবহার করায় ফেরেরোর জীবনে নেমে আসে বিপর্যয়।
রাহুলের পোস্টের পর ফেরেরোকে কেন্দ্র করে শুরু হয় তীব্র কৌতূহল ও বিভ্রান্তি। অনেকে ধরে নেন ছবির মেয়েটিই ফেরেরো। ফলে ব্রাজিল জুড়ে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আক্রমণ শুরু হয়। সংবাদমাধ্যম Aos Fatos-কে ফেরেরো জানান, “আমার সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করা হয়। লাখে লাখে মানুষ খুঁজছিলেন আমাকে। নানা অদ্ভুত মন্তব্য আর হুমকির পর আমি ইনস্টাগ্রাম মুছে দিই।”
ছবির নারী, লারিসা নেরি, জানিয়েছেন তিনি কোনও পেশাদার মডেল নন। এক বন্ধুকে সাহায্য করতে ছবিটি তুলেছিলেন। ভিডিও বার্তায় তিনি বলেন, “বন্ধুরা, এই ছবিটা খুব পুরনো, আমি তখন ১৮–২০ বছরের। এটা ভারতের ভোটের সঙ্গে কীভাবে জুড়ে গেল বুঝতে পারছি না! আমায় নাকি ভারতীয় ভোটার বানানো হয়েছে— এসব পাগলামি ছাড়া কিছু নয়!”
ঘটনার সূত্রপাত রাহুল গান্ধীর গতকালের সাংবাদিক সম্মেলন থেকে। তিনি অভিযোগ করেন, হরিয়ানার রাই বিধানসভা কেন্দ্রে একই ছবির মহিলা ২২ বার ভোট দিয়েছেন, বিভিন্ন নামে— সীমা, সুইটি, সরস্বতী, রশ্মি, বিমলা প্রমুখ। রাহুলের দাবি, “এটা বুথ-লেভেলের নয়, কেন্দ্রীয় পর্যায়ের জালিয়াতি। কমিশন চাইলে এক সেকেন্ডেই এই ডুপ্লিকেট ভোটার বাদ দিতে পারে, কিন্তু তারা বিজেপিকে সাহায্য করছে।”
বিরোধীদের অভিযোগের জবাবে নির্বাচন কমিশনের সূত্র জানায়, ভোটের দিন কংগ্রেসের পোলিং এজেন্টরা কী করছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলা উচিত। “যদি একই ভোটার বারবার আসে, এজেন্টদেরই প্রথম আপত্তি জানানোর কথা,” বলে কমিশন সূত্রে খবর।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রাহুলের অভিযোগকে ‘ভুয়ো ইস্যু’ বলে ব্যাখ্যা করেন। তাঁর কথায়, “বিহারে ভোট হচ্ছে, কিন্তু উনি হরিয়ানার গল্প বলছেন। ভোটের ফল মেলেনি বলেই এইসব বানানো অভিযোগ।”
এই ঘটনায় একদিকে ভারতের রাজনীতিতে ঝড় উঠেছে, অন্যদিকে হাজার হাজার কিলোমিটার দূরের ব্রাজিলে হেনস্থা হচ্ছেন এক নির্দোষ ফটোগ্রাফার ও এক সাধারণ তরুণী। মোট কথা, রাহুল গান্ধীর হাইড্রজেন বম্ব এখন আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু।