হরিয়ানা ভোটে কারচুপির অভিযোগে ‘হাইড্রোজেন বোমা’ ফাটালেন রাহুল গান্ধী। তাঁর ভুয়ো ভোটার প্রমাণ হিসেবে উঠে এলো এক ব্রাজিলিয়ান মডেলের ছবি। ঘটনায় হাস্যরস আর বিতর্ক দুই-ই!
.png.webp)
রাহুল গান্ধী ও ম্যাথুজ ফেরেরো
শেষ আপডেট: 6 November 2025 00:15
দ্য ওয়াল ব্যুরো: ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর ঘোষণা করেছিলেন আগেই। অবশেষে সেই বোমাই ফাটালেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার (৫ নভেম্বর) সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। দাবি করেন, গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে (Haryana Assembly Election) ব্যাপক ভোট কারচুপি হয়েছে। চুরি গেছে প্রায় ২৫ লক্ষ ভোট! এই অভিযোগ তুলতে গিয়েই রাহুলের বক্তব্যে উঠে আসে এক ব্রাজিলিয়ান মডেলের প্রসঙ্গও, নাম ম্যাথুজ ফেরেরো। যাকে তিনি ভোট কারচুপির প্রমাণ হিসেবে তুলে ধরেন।
ভারতীয় রাজনীতিতে ভাইরাল নিজের পুরনো ছবি দেখে অবাক সেই ব্রাজিলিয়ান মডেল ম্যাথুজ ফেরেরো। পর্তুগিজ ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “ছবিটা অনেক পুরনো, আমার বয়স তখন অনেক কম ছিল। জানি না কেন এখন এটা ব্যবহার করা হচ্ছে, তাও আবার রাজনৈতিক বিতর্কের ক্ষেত্রে!”
তিনি আরও জানান, কিছু সংবাদমাধ্যম তাঁকে ভুলভাবে ‘ভারতীয়’ বলে দাবি করছে। এমনকি এক ভারতীয় সাংবাদিক ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে সাক্ষাৎকারও চেয়েছেন। ঘটনাকে পুরোপুরি “অযৌক্তিক ও অপ্রত্যাশিত” বলে মনে করেছেন তিনি। তাঁর কথায়, “রাজনীতিতে তাঁর পুরনো একটি ছবিকে এভাবে টেনে আনা সত্যিই হাস্যকর।”
The name of the Brazilian Model seen in @RahulGandhi's press conference is Larissa. Here's her reaction after her old photograph went viral. pic.twitter.com/K4xSibA2OP
— Mohammed Zubair (@zoo_bear) November 5, 2025
এদিকে রাহুল গান্ধীর কথায়, “এই মহিলাটি কে? তাঁর নাম কী? তিনি কোথা থেকে এলেন? কেউ কি জানেন! এই মহিলা হরিয়ানায় ১০টি আলাদা বুথে ২২ বার ভোট দিয়েছেন। তাও আবার বিভিন্ন নামে। আর শেষ পর্যন্ত জানা যাচ্ছে, তিনি আসলে এক ব্রাজিলিয়ান মডেল!”
রাহুল অভিযোগ করেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি ‘কেন্দ্রীয়ভাবে পরিচালিত অপারেশন’, যার মাধ্যমে হরিয়ানার ভোট ফলাফল বদলে দেওয়া হয়েছে। রাহুলের দাবি, যদি এই কারচুপি না হত, তাহলে “কংগ্রেস হরিয়ানায় ঝড় তুলে জয়লাভ করত।”
এদিকে বৈঠকে, রাহুলের বক্তব্য অনুযায়ী, হরিয়ানায় মোট ভোটারের সংখ্যা প্রায় ২ কোটি। তার মধ্যে ২৫ লক্ষ ভোটই নাকি জাল বা নকল। তাঁর হিসাব অনুযায়ী, প্রতি ৮ জন ভোটারের মধ্যে ১ জন ভুয়ো। অর্থাৎ, প্রায় ১২.৫ শতাংশ ভোট ছিল নকল। আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কংগ্রেস নেতা। তাঁর টিম নাকি খুঁজে পেয়েছে ৫.২১ লক্ষ ‘ডুপ্লিকেট’ ভোটার এন্ট্রি।