গুজরাতের ভূমিপুত্র মোদী দাহোদে এক জনসভায় বলেন, দেশের হাতে-পায়ে যে বেড়ি পরানো ছিল, কয়েক দশকের সেই শিকল ভেঙে ফেলেছে ভারত।

মোদী বলেন, আজ ১৪০ কোটি ভারতবাসী এক হয়ে গিয়েছেন।
শেষ আপডেট: 26 May 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১১ বছর সম্পূর্ণ হওয়ার দিন বিজেপি সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। আর সেই একইদিন, সোমবার গুজরাতে গিয়ে মোদী কংগ্রেসের নাম না করে তোপ দেগে বললেন, গত ১১ বছরে ভারত কয়েক দশকের শৃঙ্খল ভেঙে দিয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ১১ বছর ধরে দেশ অঘোষিত জরুরি অবস্থার মধ্য দিয়ে চলছে। অন্যদিকে, গুজরাতের ভূমিপুত্র মোদী দাহোদে এক জনসভায় বলেন, দেশের হাতে-পায়ে যে বেড়ি পরানো ছিল, কয়েক দশকের সেই শিকল ভেঙে ফেলেছে ভারত।
জনসভার মঞ্চে মোদীকে অপারেশন সিঁদুরের প্রতীকী ধনুক ও গদা দিয়ে সংবর্ধনা জানানো হয়। মোদী বলেন, আজ ১৪০ কোটি ভারতবাসী এক হয়ে গিয়েছেন। তাঁরা বিকশিত ভারত নির্মাণের কাজে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। উৎপাদন শিল্পে ভারত স্বয়ম্ভর হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছে। কংগ্রেসকে ঠেস মেরে তিনি বলেন, কয়েক দশক ধরে ভারত যেখানে আটকে ছিল, সেই বেড়া ভেঙে আমরা স্মার্টফোন থেকে প্রতিরক্ষা অস্ত্র সবই ঘরে বসে বানাচ্ছি।
দাহোদে একটি বিশাল রেলপ্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, তিন বছর আগে আমি এখানে শিলান্যাস করতে এসেছিলাম। কিছু লোক আমাকে নিয়ে মশকরা করেছিল। তারা বলেছিল, এখানে কিছুই হবে না। এসব নির্বাচনের কথা ভেবে করা হচ্ছে। আর আজ এখানে তিন বছর পরে এসে দেশের প্রথম ইলেকট্রিক রেল ইঞ্জিন কারখানার উদ্বোধন করলাম।
কিন্তু, রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়্গের দাবি, এই সরকার গত ১১ বছরে ‘আচ্ছে দিন’ আনার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। তাঁর মতে, দেশে বেকারি বেড়েছে, চাকরি ও আয়ের প্রতিশ্রুতি পূরণ হয়নি, প্রান্তিক মানুষ কঠিন অবস্থার মুখোমুখি, মেক ইন ইন্ডিয়া মুখ থুবড়ে পড়েছে, বিদেশ সম্পর্কে মরচে ধরেছে। সর্বোপরি গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করা হয়েছে। যদিও প্রধানমন্ত্রী এদিন নিজে এক এক্সবার্তায় দিনটি স্মরণ করে বলেছেন, ভারত বিজয়ী হয়েছে। আচ্ছে দিন আসছে।
সোমবার সকালে গুজরাতের ভূমিপুত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের রাজ্য সফরে ভদোদরায় রোড শো করেন। সেই মোদীশোভা-যাত্রায় উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবারের লোকজনও। প্রধানমন্ত্রীর উদ্দেশে অন্যদের মতো তাঁরাও ফুলের পাপড়ি ছুড়ে দেন। লক্ষ্যণীয় যে, মোদীর এই রোড শোয়ে গোটা রাস্তা জুড়ে একটিও দলীয় পতাকা ছিল না। রাস্তার দুপাশে শয়ে শয়ে মানুষ জাতীয় পতাকা নিয়ে স্বাগত জানালেন মোদীকে।
এই সফরে প্রধানমন্ত্রী গুজরাতের বিজেপি সরকারের ও কেন্দ্রীয় উন্নয়নমূলক প্রকল্পের জন্য ৮২,০০০ কোটি টাকার পরিকাঠামোর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সোমবার দাহোদে রয়েছেন। সেখানে রেল ইঞ্জিন ও ওয়াগন তৈরির কারখানার উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী খারোদে একটি জনসভায় ভাষণ দেন। সোমনাথ-আমদাবাদ বন্দে ভারত ট্রেন চলাচলের সূচনা করার কথা মোদীর। এইসব আরও বেশ কয়েকটি উদ্বোধন ও শিলান্যাসের পর মোদী যাবেন ভুজে। সেখানে ৫৩,০০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এদিনই সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মোদী আমদাবাদ বিমানবন্দর থেকে ইন্দিরা সেতু পর্যন্ত ৩ কিমি রোড শো করবেন।
আগামিকাল, মঙ্গলবার, ২৭ মে গান্ধীনগরে ২ কিমি রোড শো করবেন বিজেপি নেতা। এরপর মহাত্মা মন্দিরে ৫,৫৩৬ কোটি টাকার একটি প্রকল্পের শিলান্যাস করবেন। একইসঙ্গে সাবরমতী নদী সৌন্দর্যায়নের ফেজ থ্রির শিলান্যাস করবেন। এই প্রকল্পের মোট অনুমিত ব্যয় ১,০০০ কোটি টাকা। এছাড়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও স্বর্ণিম জয়ন্তী মুখ্যমন্ত্রী শহেরি বিকাশ যোজনা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।