কর্নাটকের বেলাগাভিতে বৃষ্টিতে দেওয়াল ভেঙে মৃত ৩ বছরের ঘুমন্ত শিশু

সোমবার বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই শহর।
শেষ আপডেট: 26 May 2025 13:22
দ্য ওয়াল ব্যুরো: প্রাক বর্ষার বৃষ্টিতে সোমবার মহানগরী কলকাতা যখন স্বস্তির বৃষ্টিতে ভিজছে, তখন দেশের বাণিজ্যনগরী মুম্বই ও সংলগ্ন এলাকা জলে ডুবুডুবু। সোমবার সকাল থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাতে ভারতীয় সিনেমা মক্কা মুম্বই বিপর্যস্ত। শহরের অধিকাংশ রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে। বহু মানুষের ঘরবাড়ি জলমগ্ন। জমা জলে গাড়ি চলাচল প্রায় স্তব্ধ হওয়ার জোগাড়। রানওয়েতে জল জমে যাওয়ায় প্রায় ২৫০ উড়ান চলাচলে বিঘ্ন ঘটে।
অন্যদিকে কর্নাটকের বেলাগাভিতে সোমবার সকালে ভারী বৃষ্টিতে একটি বাড়ির দেওয়াল ধসে তিন বছরের একটি মেয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়েটির নাম কৃতিকা। তার মা রেশমা ও ছোট বোন খুশি এই ঘটনায় জখম হয়েছে। মহালিঙ্গেশ্বর নগরে এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এদিকে, ভারী বৃষ্টিতে ম্যাঙ্গালুরুও জলমগ্ন হয়ে রয়েছে। বেঙ্গালুরুতে এদিন হালকা বৃষ্টি হলেও আগামী তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
মুম্বইয়ের কুরলা, সিয়ন, দাদর ও পারেল সহ বহু নিচু এলাকা ঊরুসমান জল জমে রয়েছে। জল কাটিয়ে চলা গাড়িগুলিকে দেখে মনে হচ্ছে সমুদ্রের উপর দিয়ে চলছে। ঘন অন্ধকার মেঘে সব গাড়িকে ভরদুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। সব থেকে দুরবস্থায় পড়েছেন অফিসযাত্রী ও স্কুলকলেজ পড়ুয়ারা। মুম্বইয়ের জীবনরেখা লোকাল ট্রেনের তিনটি প্রধান লাইন সেন্ট্রাল, ওয়েস্টার্ন ও হারবার থেকে চলাচলকারী সব ট্রেন দেরিতে চলাচল করছে।
ঠানের মানুষ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তাঁর শহর সহ মুম্বইয়ের বিভিন্ন এলাকার খবর নেন। পুরসভার অফিসার সহ বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্তাদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। জনজীবন যাতে স্বাভাবিক থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিন্ডে। সকাল ৯-১০টার মধ্যে নরিম্যান এলাকায় সর্বোচ্চ ১০৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।