জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এখনও পর্যন্ত পাকিস্তানে জল ছাড়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ফাইল ছবি
শেষ আপডেট: 6 June 2025 17:59
দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর জলসঙ্কটে ভুগছে পাকিস্তান (Pakistan)। সেই কারণে ভারতের কাছে বারবার আবেদন জানাচ্ছে সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) নিয়ে ভাবার জন্য। কিন্তু সূত্রের খবর, পরপর চারবার চিঠি দিয়েও সিন্ধু জলচুক্তি পুনর্বহালের অনুমতি পায়নি ইসলামাবাদ।
জম্মু-কাশ্মীরের পহেলগামে (Jammu Kashmir Pahalgam Attack) ভয়াবহ জঙ্গি হামলার পর এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এখনও পর্যন্ত পাকিস্তানে জল ছাড়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের সহায়তাও চেয়েছে পাকিস্তান। তবে কোনও দিক থেকেই সুরাহা হচ্ছে না। সম্প্রতি ভারতকে চারবার চিঠি (Letters) দিয়েও তাঁরা ব্যর্থ।
ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা থমকে যায় গত ২২ এপ্রিল, পহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলার পরে। সেদিন পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। সেই ঘটনার জেরে ভারতের কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে এই জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’ শুরুর আগেই পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলি মুর্তজা ভারতের জল শক্তি মন্ত্রককে একটি চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান। এরপর আরও তিনটি চিঠি পাঠানো হয় নয়াদিল্লিতে, একই অনুরোধ করে। সূত্রের খবর, পাকিস্তানের পাঠানো চারটি চিঠিই ভারতের জলশক্তি মন্ত্রক থেকে বিদেশ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। কিন্তু আপাতত ভারতের তরফে কোনও সাড়া দেওয়া হয়নি।
গত মাসে দেশের উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দাস জলচুক্তি সংক্রান্ত বিষয়ে কড়া বার্তা দেন পাকিস্তানকে। তিনি স্পষ্ট বলেছিলেন, “রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না।” সেই সুরই এখনও বজায় রেখেছে ভারত।