বিরোধীদের (Opposition) বিরুদ্ধে সংসদে অযথা অশান্তি সৃষ্টি করার অভিযোগ এনেছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সবাইকে গঠনমূলকভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন।
.jpeg.webp)
সংসদের বাইরে বিক্ষোভ
শেষ আপডেট: 2 December 2025 16:32
দ্য ওয়াল ব্যুরো: শীতকালীন অধিবেশন (Winter Parliement Session) শুরু হতেই এসআইআর (SIR) আঁচে উত্তপ্ত সংসদ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে আলোচনা চাইছে বিরোধী দলগুলি। কিন্তু তাঁদের অভিযোগ, কেন্দ্র এই আলোচনায় অংশ নিতে চাইছে না কারণ তারা ভয় পাচ্ছে। একই সুর ফের শোনা গেল সমাজবাদী পার্টির এক সাংসদের মুখে।
সপা সাংসদ বীরেন্দ্র সিংয়ের (SP MP Virendra Singh) অভিযোগ, 'এসআইআর একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মৌলিক অধিকার বিশেষ করে ভোটাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। পাশাপাশি আইনশৃঙ্খলা, মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ রয়েছে। তা সত্ত্বেও এ বিষয়ে সংসদে কোনও আলোচনা হচ্ছে না।'
তিনি বলেন, 'বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে এই সব প্রশ্ন তুলে ধরা হয়েছিল। কিন্তু স্পষ্ট উত্তর মেলেনি। ঠিকমতো জবাব দেওয়া হলে সংসদে এমন হইচই হত না।' সরকারের আলোচনায় আগ্রহ নেই বলেই সব দায় বিরোধীদের ঘাড়ে চাপানো হচ্ছে, এমনটাই অভিযোগ তাঁর। প্রশ্ন তোলেন, সরকার যদি নিজের মতো সিদ্ধান্ত নিতেই চায়, তাহলে সংসদের অধিবেশনের অর্থ কী?
অন্যদিকে, বিরোধীদের (Opposition) বিরুদ্ধে সংসদে অযথা অশান্তি সৃষ্টি করার অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সবাইকে গঠনমূলকভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন। লোকসভা ও রাজ্যসভায় আলোচনার সময় দায়িত্বশীল আচরণ করা উচিত, এই বার্তাও দিয়েছেন তিনি। কিন্তু বিরোধীরা তা মানছেন না।
অপরাজিতা আরও বলেন, বিহার নির্বাচনের (Bihar Election) ফল থেকে বিরোধীদের শিক্ষা নেওয়া উচিত ছিল। সংসদে বারবার উত্তেজনা তৈরি করে, ভিত্তিহীন অভিযোগ তুলে কোনও লাভ হবে না। বিহারে যেমন ফল হয়েছে, তেমন পরিণতি ভবিষ্যতেও দেখতে হবে বিরোধীদের, এমনই জানালেন তিনি।
সোমবার, সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী মোদী (PM Modi) বলেছিলেন, "সংসদে গঠনমূলক বিতর্ক এবং গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা বিরোধীদের দায়িত্ব। কিন্তু কয়েকটি দল নির্বাচনে পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে পারছে না বলেই সংসদে অযথা উত্তেজনা তৈরি হয়।"
কার্যত কড়া সুরেই তিনি বলেন, "যাঁরা নাটক করতে চান, তাঁদের জন্য অনেক জায়গা আছে। কিন্তু সংসদ নাটকের জায়গা নয়। এখানে দেশের জন্য কাজ করতে হবে।" যোগ করেন, "নতুন ও তরুণ সাংসদদের বক্তব্য রাখার সুযোগ করে দেওয়া উচিত। বিরোধী দলগুলির প্রতি তাঁর পরামর্শ, 'নেতিবাচকতার সীমা রাখুন, দেশকে এগিয়ে নেওয়ার কাজে অংশ নিন।'
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে কংগ্রেসের সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra) বলেন, "ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং দূষণ- দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এসব নিয়ে আলোচনাই তো সংসদের কাজ। আলোচনা চাইলে সেটা নাটক নয়, বরং নাটক হল মানুষকে প্রভাবিত করা এবং গণতান্ত্রিক আলোচনা এড়িয়ে যাওয়া।"
মঙ্গলবার অধিবেশন শুরুর আগেই সংসদের বাইরে বিক্ষোভে সামিল হন বিরোধীরা। ইস্যু ছিল এসআইআর। এদিনের বিক্ষোভে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ছাড়াও তৃণমূলের সাংসদদের কয়েকজনকে দেখা গেছে।