মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার পরও জেড প্লাস নিরাপত্তা পাবেন নীতীশ কুমার। প্রায় ৩৬ জন নিরাপত্তারক্ষী ও কমান্ডো ঘিরে রাখবে তাঁকে, জানাল বিহার সরকার।

নীতীশ কুমার
শেষ আপডেট: 2 April 2026 12:03
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রিত্ব (Chief Minister) ছাড়লেও নিরাপত্তায় কোনও কাটছাঁট নয়, বিহারের রাজনীতিতে (Bihar Politics) বড় চমক। নীতীশ কুমার (Nitish Kumar) পদ ছাড়ার পরও পাবেন সর্বোচ্চ স্তরের Z+ নিরাপত্তা (Z+ Security)। এই মর্মে নির্দেশ জারি করেছে বিহার সরকারের স্বরাষ্ট্র দফতর (Home Department)।
সরকারি বিজ্ঞপ্তিতে বলছে, বিহার স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট, ২০০০ (Bihar Special Security Act, 2000) অনুযায়ী নীতীশ কুমার এই নিরাপত্তার অধিকারী। একই সঙ্গে ওই নোটিফিকেশনেই তাঁর আসন্ন পদত্যাগের (Resignation) ইঙ্গিত মিলেছে। ফলে খুব শীঘ্রই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চলেছেন, তা একপ্রকার নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি রাজ্যসভায় (Rajya Sabha) নির্বাচিত হয়েছেন নীতীশ কুমার। সেই সূত্রে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব নেবেন। এই পরিবর্তনের প্রেক্ষিতে তাঁর নিরাপত্তা পর্যালোচনা করে Z+ ক্যাটেগরির সুরক্ষা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভিআইপি নিরাপত্তার (VIP Security) ক্ষেত্রে X থেকে Z+ পর্যন্ত বিভিন্ন স্তর রয়েছে। এর মধ্যে Z+ সর্বোচ্চ। এই ব্যবস্থায় প্রায় ৩৬ জন নিরাপত্তারক্ষী থাকেন, যার মধ্যে রাজ্য পুলিশের (Police Personnel) পাশাপাশি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) ১০ জনেরও বেশি কমান্ডো (Commandos) মোতায়েন থাকেন।
এদিকে, চলতি মাসের শুরুতেই বিহার বিধান পরিষদের (Bihar Legislative Council) সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন নীতীশ। তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
নীতীশের ঘনিষ্ঠ মহল সূত্রে ইঙ্গিত, সংবিধান অনুযায়ী (Constitutional Provision) কোনও ব্যক্তি বিধানসভা (Legislative Assembly) বা বিধান পরিষদের সদস্য না থাকলেও ছয় মাস পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন। তবে বাস্তবে তিনি দ্রুতই পদ ছাড়তে পারেন বলেই প্রশাসনিক মহলে জোর আলোচনা।
সব মিলিয়ে, একদিকে রাজ্যসভার পথে নীতীশ, অন্যদিকে বিহারে নতুন মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা— রাজ্যের রাজনৈতিক সমীকরণ যে বড় পরিবর্তনের মুখে, তা ক্রমেই স্পষ্ট হচ্ছে।