গান্ধী ময়দানের মূল মঞ্চ ছাড়াও একাধিক প্যান্ডেল তৈরি করা হয়েছে ভিআইপি অতিথিদের জন্য। নিরাপত্তার স্তরও বাড়ানো হয়েছে। বিজেপির এক প্রবীণ নেতার কথায়, অন্তত তিন লক্ষ মানুষ জমায়েত হতে পারেন এই ঐতিহাসিক আয়োজনে।

নীতীশ কুমার
শেষ আপডেট: 20 November 2025 07:22
দ্য ওয়াল ব্যুরো: পাটনার (Patna) ঐতিহ্যবাহী গান্ধী ময়দানে বৃহস্পতিবার রেকর্ড দশমবার (Record 10th Time) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ (Oath as CM) নিতে চলেছেন জেডিইউ সুপ্রিমো (JDU) নীতীশ কুমার (Nitish Kumar)। বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Elections) এনডিএ-র (NDA) বিপুল জয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তার কেন্দ্রে রয়েছেন নীতীশ। শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ (Amit Shah) এনডিএ-র শীর্ষ নেতৃত্ব এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।
গান্ধী ময়দানের মূল মঞ্চ ছাড়াও একাধিক প্যান্ডেল তৈরি করা হয়েছে ভিআইপি অতিথিদের (VIP Guest) জন্য। নিরাপত্তার স্তরও বাড়ানো হয়েছে। বিজেপির এক প্রবীণ নেতার কথায়, অন্তত তিন লক্ষ মানুষ জমায়েত হতে পারেন এই ঐতিহাসিক আয়োজনে।
বুধবার নীতীশ কুমার বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে ইস্তফা জমা দেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, আরএলএম প্রধান উপেন্দ্র কুশওয়াহা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। রাজ্যপাল তাঁর পদত্যাগপত্র গ্রহণ করলেও নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকে কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে বলেন।
বিহার নির্বাচনের পর নবনির্বাচিত এনডিএ বিধায়কদলের (NDA MLAs) বৈঠকে নীতীশকে নেতা নির্বাচিত করা হয়। বিজেপির তরফে সম্রাট চৌধুরী হন বিধানসভা দলের নেতা এবং বিজয় কুমার সিনহা তাঁর ডেপুটি। পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেশব প্রসাদ মৌর্য। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং সাধ্বী নিরঞ্জন জ্যোতিও ছিলেন সহ-পর্যবেক্ষক।
এদিকে মন্ত্রিসভা (Cabinet) বণ্টন নিয়ে এনডিএ সঙ্গীদের মধ্যে সারাদিন ধরে তৎপরতা চলেছে। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় বিজেপি থেকে ১৬ এবং জেডিইউ থেকে ১৪ জন মন্ত্রী থাকতে পারেন। বিধানসভার স্পিকার হিসেবে বিজেপির প্রেম কুমারের নাম প্রায় চূড়ান্ত। ডেপুটি স্পিকারের দায়িত্ব যাবে জেডিইউ-র ঝুলিতে।
জেডিইউ-র তরফে যাঁরা মন্ত্রী হতে পারেন তাঁদের মধ্যে রয়েছেন বিজেন্দ্র প্রসাদ যাদব, বিজয় কুমার চৌধুরী, শ্ৰোণ কুমার, সুনীল কুমার, লেসি সিং, শীলা মাণ্ডল, মদন সহনি, রত্নেশ সাদা, জয়ন্ত রাজ, মহম্মদ জামা খান, উমেশ সিং কুশওয়াহা ও অশোক চৌধুরী। আরও কয়েকজন নতুন মুখও জায়গা পেতে পারেন।
বিজেপি আগের মন্ত্রিসভার অধিকাংশ সদস্যকেই রাখার পক্ষে। সম্রাট চৌধুরী, প্রেম কুমার, মঙ্গলোপান্ডে, বিজয় সিনহা, নীতিশ মিশ্র, রেণু দেবী, জিবেশ কুমার, হরি সাহনি, কেদার প্রসাদ গুপ্ত-সহ একাধিক নাম তালিকায় রয়েছে। পাশাপাশি নতুন মুখ হিসেবে উঠে আসছেন প্রাক্তন আইপিএস অনন্দ মিশ্র, রণা রণধীর, গায়ত্রী দেবী ও বিজয় কুমার খেমকা।
ছোট শরিকরা - এলজেপি (আরভি), হ্যাম-এস ও আরএলএম—তিনটিই নিজেদের ভাগের মন্ত্রিত্ব নিশ্চিত করতে চাইছে। সূত্র অনুযায়ী, এলজেপি (আরভি) পেতে পারে তিনটি, আর হ্যাম-এস এবং আরএলএম একটি করে মন্ত্রিত্ব।
২০২ আসন পেয়ে এনডিএ ফের ক্ষমতায় এসেছে। বিজেপি পেয়েছে ৮৯, জেডিইউ ৮৫, এলজেপি (আরভি) ১৯, হ্যাম ৫ এবং আরএলএম ৪টি আসন। গণিত বলছে, এবারের জোট আরও শক্তিশালী, আর সেই কেন্দ্রবিন্দুতেই আজ ফের একবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার।
২০০০ সাল থেকে এ পর্যন্ত নীতীশ কুমার মোট নয় বার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রথমবার মাত্র দেড় সপ্তাহ টিকে ছিল তাঁর সরকার। সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাঁকে পদত্যাগ করতে হয়। এছাড়া জোট বদল করার কারণেও অতিরিক্ত চারবার শপথ নিয়েছেন তিনি। সব মিলিয়ে নয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার রেকর্ড এখন তারই দখলে। বৃহস্পতিবার দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি নিজেরই রেকর্ড ভাঙবেন।