বিহারে এনডিএ সরকারিভাবে নীতীশকে ফের মুখ্যমন্ত্রী করার কথা ঘোষণা করলেও শেষ পর্যন্ত ভোটের পর কী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে মঙ্গলবার পূণিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর।

নীতীশ কুমার ও মোদী
শেষ আপডেট: 16 September 2025 10:03
দ্য ওয়াল ব্যুরো: বিহারের ভোটে (Bihar Election) এনডিএ ফের ক্ষমতায় এলে নীতীশ কুমারই (Nitish Kumar) কি ফের মুখ্যমন্ত্রী (Bihar CM) হবেন? নাকি তাঁর হাল হবে মহারাষ্ট্র (Maharashtra) একনাথ শিন্ডের মতো। গত বছর নভেম্বরে সেখানে শিন্ডেকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিশ।
বিহারে এনডিএ সরকারিভাবে নীতীশকে ফের মুখ্যমন্ত্রী করার কথা ঘোষণা করলেও শেষ পর্যন্ত ভোটের পর কী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে মঙ্গলবার পূণিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর।
সেখানে পূর্ণিয়া বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন এবং রাজ্যের জন্য ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণার পর জনসভায় প্রধানমন্ত্রী একপ্রকার প্রথা মেনে রাজ্য সরকারের কাজকর্মের প্রশংসা করেন। কিন্তু বিগত সভাগুলির মতো শুরুতে সম্ভাষণ বাদে ঘন ঘন মুখ্যমন্ত্রী নীতীশের নাম নেননি ভাষণে। তাঁকে বিহারের উনয়নের কৃতিত্বও দেননি। আরও আশ্চর্যের হল, এনডিএ ক্ষমতায় থেকে গেলে নীতীশই ফের মুখ্যমন্ত্রী, এমন কথাও প্রধানমন্ত্রী একবারের জন্যও উচ্চারণ করেননি।
যদিও প্রধানমন্ত্রী ভাষণ শুরুর আগে মুখ্যমন্ত্রী নীতীশ গোটা সভাকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে বলেন, আমি আপনাকে কথা দিচ্ছি আর শিবির বদল করব না। অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে না। নীতীশ আরও বলেন, আমি ভুল করেছি। এজন্য ক্ষমাপ্রার্থী।
মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সভাপতির এমন কাতর ভাষণের পরও প্রধানমন্ত্রীর নীরবতায় নীতীশের ভাগ্য নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। প্রকাশ্যে মুখ না খুললেও নীতীশের দলের বহু মন্ত্রী-বিধায়ক প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বিস্ময় প্রকাশের পাশাপাশি নীতীশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।