বিহারের রাজনীতিতে নতুন অধ্যায়—জেডিইউতে সক্রিয় হচ্ছেন নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার।
রাজনৈতিক মহলে জোর জল্পনা, ভবিষ্যতে কি উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি?

ছেলের সঙ্গে নীতীশ কুমার
শেষ আপডেট: 8 March 2026 15:38
দ্য ওয়াল ব্যুরো: বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) ছেলে নিশান্ত কুমার (Nishant Kumar) আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন জনতা দল ইউনাইটেডে (Janata Dal United)। রবিবার পাটনায় দলের সদর দফতরে তাঁকে দলে স্বাগত জানান শীর্ষ নেতারা। এর মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রথম পদক্ষেপ রাখলেন নিশান্ত।
দলীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ‘লালন’ (Rajiv Ranjan Singh Lalan), জেডিইউ-র জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা (Sanjay Jha) সহ একাধিক নেতা। দলীয় কর্মীরাও বড় সংখ্যায় উপস্থিত ছিলেন।
‘দলকে শক্তিশালী করাই লক্ষ্য’
দলে যোগ দেওয়ার পর নিশান্ত কুমার জানান, সংগঠনকে শক্তিশালী করাই তাঁর প্রধান লক্ষ্য। তাঁর কথায়, ‘আমি দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতে চাই। সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।’
নীতীশ কুমারের রাজ্যসভায় (Rajya Sabha) যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গেও কথা বলেন তিনি। এটি তাঁর বাবার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং পরিবার সেই সিদ্ধান্তকে সম্মান করে বলে জানিয়ে দেন।
গত দু'দশকে বিহারের উন্নয়নে বড় ভূমিকা রয়েছে নীতীশ কুমারের। তাঁর দাবি, রাজ্যের মানুষ সেই অবদান ভুলবে না।
সক্রিয় রাজনীতিতে নতুন মুখ
দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল নিশান্ত কুমারের রাজনীতিতে আসার সম্ভাবনা। বয়স পঞ্চাশের কাছাকাছি হলেও এতদিন জনসমক্ষে খুব কমই দেখা যেত তাঁকে। পেশায় ইঞ্জিনিয়ার। মূলত সেই সংক্রান্ত কাজেই ব্যস্ত থাকতেন। আর নীতীশ কুমার বরাবরই পরিবারতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তাই এতদিন নিশান্ত রাজনীতির বাইরে ছিলেন বলে মনে করা হয়। তবে এবার দলের শীর্ষ নেতৃত্বের সম্মতিতেই তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হল বলে জানিয়েছেন জেডিইউ নেতারা।
উপমুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা
নিশান্ত কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু হয়েছে। জেডিইউ-র একাধিক নেতার দাবি, তাঁকে শীঘ্রই বিহারের রাজ্য বিধান পরিষদে (Bihar Legislative Council) পাঠানো হতে পারে। একই সঙ্গে রাজনৈতিক মহলে আলোচনা চলছে—নতুন সরকার গঠনের পর তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
এর মধ্যে বিরোধী শিবির থেকেও কটাক্ষ শুরু হয়েছে। রাষ্ট্রীয় জনতা দল (Rashtriya Janata Dal) নেতা মনোজ কুমার ঝা (Manoj Kumar Jha) দাবি করেছেন, নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তে তাঁর সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
সব মিলিয়ে, নিশান্ত কুমারের রাজনীতিতে প্রবেশ বিহারের রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।