শনিবার সকালে ব্রেকফাস্ট টেবিলে ওই ৯ ভারতীয় ইঞ্জিনিয়ারকে দেখতে না পেয়ে তারা খোঁজখবর শুরু করেন। তাদের বাড়িতে গিয়ে দেখা যায় ঘর বাইরে থেকে তালা বন্ধ।

শেষ আপডেট: 24 January 2026 23:12
দ্য ওয়াল ব্যুরো: নিরাপত্তার অভাব বোধ করায় বাংলাদেশ (Bangladesh) থেকে গোপনে দেশে ফিরে এসেছেন ৯ ভারতীয় ইঞ্জিনিয়ার (9 indian engineers left Bangladesh)। তারা বাংলাদেশের বাগেরহাটে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের কাজে যুক্ত ছিলেন।
ওই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ভারত সরকার (Indian Govt) আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা করছে বাংলাদেশকে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে।
প্ল্যান্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে ব্রেকফাস্ট টেবিলে ওই ৯ ভারতীয় ইঞ্জিনিয়ারকে দেখতে না পেয়ে তারা খোঁজখবর শুরু করেন। তাদের বাসস্থানে গিয়ে দেখা যায় ঘর বাইরে থেকে তালা বন্ধ। পরে জানা যায়, ওই নয় ইঞ্জিনিয়ার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে (Returned to India) চলে আসেন।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম ৯ ভারতীয় ইঞ্জিনিয়ারের দেশ ছাড়া কথা জানিয়ে বলেন তাঁরা কখনও নিরাপত্তা নিয়ে কোন সংশয় প্রকাশ করেননি কর্তৃপক্ষের কাছে। বিদ্যুৎ কেন্দ্রটিতে চার স্তরীয় সুরক্ষা ব্যবস্থা আছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে জানানো হয়েছে ভারতীয় ইঞ্জিনিয়ারদের (indian engineers) দেশ ছাড়ার বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত করা হবে।
বিষয়টি প্রকল্প পরিচালক রামানাথ পুজারীকে জানানো হলে তিনি সংশ্লিষ্টদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করেন। পুজারী বাংলাদেশ কর্তৃপক্ষকে জানিয়েছেন ওই নয় ইঞ্জিনিয়ার নিরাপত্তাহীনতার শঙ্কায় দেশের ফিরে গিয়েছেন। এর আগে ভারত সরকার বাংলাদেশ কর্তব্যরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসতে বলে। তারা দফায় দফায় বাংলাদেশ ছাড়ছে। ওই সিদ্ধান্ত নিয়ে ভারত সরকার সরকারিভাবে কিছু না জানালেও নানা সূত্রের খবর বাংলাদেশের আর নির্বাচন যত এগিয়ে আসছে তত ওই দেশে নিরাপত্তা ঝুঁকি বাড়বে ভারতীয়দের জন্য। আওয়ামী লিগ নির্বাচনে না থাকায় সব দলই ভারত বিরোধিতাকে অস্ত্র করেছে। তার প্রভাব পড়েছে সমাজের সব স্তরে। ফলে ভারতীয় হিসেবে স্বাধীনভাবে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে আশঙ্কা করে কূটনীতিকদের আত্মীয়-স্বজনদের ফিরে আসতে বলা হয়েছে।
সূত্রের খবর, বাংলাদেশ থেকে গোপনে দেশে ফিরে আসা ইঞ্জিনিয়াররা হলেন ন্যাশনাল থারর্মার পাওয়ার কর্পোরেশনের (এনটিপিসি) একটি প্রকল্পের জেনারেল ম্যানেজার প্রতীম বর্মন, বিশ্বজিৎ মন্ডল, এন সূর্য প্রকাশ রাই, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এম কেসাবা পলাকী, ডেপুটি জেনারেল ম্যানেজার সূর্যকান্ত মন্দেকার, ডিরেক্টর জেনারেল এম সুরেন্দ্র লম্বা এ জি এম পাপ্পু লাল মিনা, ডিরেক্টর জেনারেল অর্নিবাণ সাহা ও চিপ ফিন্যান্সিয়াল অফিসার ইমানুয়েল পনরাজ দেবরাজ।