৫৯ বছর বয়সে সদানন্দ দাতে মহারাষ্ট্রের নতুন পুলিশ মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।

সদানন্দ দাতে
শেষ আপডেট: 3 January 2026 18:19
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি (Mumbai Attack) হামলার রাত। শহর যখন আতঙ্কে কাঁপছে, তখন নিজের এলাকা ছাড়িয়ে একেবারে সামনে গিয়ে জঙ্গিদের মোকাবিলা করেছিলেন তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার (সেন্ট্রাল) সদানন্দ দাতে (Sadanad Date)। কামা ও আলব্লেস হাসপাতালের ভিতরে ঢুকে পড়া জঙ্গি আজমল কাসভ (Ajmal Kasab) ও আবু ইসমাইলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ান তিনি। সিএসটি স্টেশনে হত্যাযজ্ঞ চালিয়ে হাসপাতালের দিকে ঢোকার সময় কাসভ ও ইসমাইল সদানন্দের উপর গুলি চালায়। সঙ্গে থাকা ছয় পুলিশকর্মীর মধ্যে সাব-ইন্সপেক্টর প্রকাশ মোরে প্রাণ হারান। কাসভের ছোড়া একটি হ্যান্ড গ্রেনেড সদানন্দের মাত্র তিন ফুট দূরে পড়ে ফেটে যায়। গুরুতর জখম হলেও পিছু হটেননি তিনি। রোগীদের নিরাপত্তার কথা ভেবে সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদে থাকা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চালিয়ে যান। প্রায় ৪০ মিনিট ধরে চলে সেই সংঘর্ষ। দ্বিতীয় একটি গ্রেনেড বিস্ফোরণে তাঁর পা ও মুখে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থাতেও অবস্থান ছাড়েননি তিনি। শেষ পর্যন্ত সেই সুযোগেই পালিয়ে যায় জঙ্গিরা।
এই অসীম সাহসিকতার জন্য ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার সদানন্দ দাতে রাষ্ট্রপতি পুলিশ পদক পান। তবে তাঁর লড়াইয়ের গল্প শুধু ২৬/১১-তেই সীমাবদ্ধ নয়। পুণের এক দরিদ্র পরিবারে জন্ম সদানন্দের। ছোটবেলায় সংসার চালাতে খবরের কাগজ বিলি করতেন তিনি। মা কাজ করতেন বাড়ি বাড়ি। সেখান থেকেই শুরু তাঁর সংগ্রামের পথ। পরবর্তীকালে মুম্বই পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি— সিবিআই, অ্যান্টি-টেররিজম স্কোয়াড, মীরা-ভায়ন্দর-বাসাই-বিরার অঞ্চলের প্রথম পুলিশ কমিশনার হিসেবে কাজ করেছেন। ছিলেন জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র প্রধানও।
এনআইএ প্রধান হিসেবে ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানার প্রত্যার্পণ সংক্রান্ত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সদানন্দ। পাশাপাশি লরেন্স বিষ্ণোই গ্যাং সংক্রান্ত একাধিক বড় অভিযানে নেতৃত্ব দেন। পহেলগাম জঙ্গি হামলা, লালকেল্লা বিস্ফোরণের মতো সংবেদনশীল মামলাও তাঁর হাতেই ছিল। মহারাষ্ট্র পুলিশের বিশেষ কম্যান্ডো বাহিনী ‘ফোর্স ওয়ান’-এর নেতৃত্বও দেন তিনি।
৫৯ বছর বয়সে সদানন্দ দাতে মহারাষ্ট্রের নতুন পুলিশ মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। ৩ জানুয়ারি অর্থাৎ আজ অবসর নিচ্ছেন বর্তমান ডিজিপি রশ্মি শুক্লা। পুলিশজীবনের অভিজ্ঞতা নিয়ে মারাঠিতে ‘ভারদিতল্যা মানসাচ্যা নন্দি’ নামে একটি বইও লিখেছেন সদানন্দ। সেই বইয়ের ভূমিকায় প্রাক্তন পুলিশকর্তা জুলিও রিবেইরো লিখেছিলেন, “পুলিশ মহলের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র সদানন্দ।”