মোদী এদিন বলেন, আমাদের সেনারা পাকিস্তানের হাঁটু ভেঙে দিয়েছে।

মোদী বলেন, গতকালই দেশ ও দুনিয়া দেখেছে যে, পাকিস্তানের এক সন্ত্রাসবাদী কাঁদুনি গাইতে গাইতে ওদের হাল প্রকাশ করেছে।
শেষ আপডেট: 17 September 2025 14:09
দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার পাকিস্তান ও তাদের মদতপুষ্ট জঙ্গিদের সতর্ক করে দিলেন। পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের কমান্ডারের ভিডিওর কথা উল্লেখ করে মোদী এদিন বলেন, আমাদের সেনারা পাকিস্তানের হাঁটু ভেঙে দিয়েছে। তিনি বলেন, জয়েশ কমান্ডারের স্বীকারোক্তিই ঠিক, পাকিস্তানের চোখের পলক পড়ার আগে অপারেশন সিঁদুরে ওদের হাঁটু ভেঙে দেওয়া হয়েছে।
মধ্যপ্রদেশের ধর এলাকায় ৭৫-তম জন্মদিন উপলক্ষে মোদী বলেন, গতকালই দেশ ও দুনিয়া দেখেছে যে, পাকিস্তানের এক সন্ত্রাসবাদী কাঁদুনি গাইতে গাইতে ওদের হাল প্রকাশ করেছে। ইয়ে নয়া ভারত হ্যায়। এই ভারত কারও পরমাণু ধমকিতে ভয় পায় না। ফের একবার তাঁর অতি পুরনো ও পরিচিত ভঙ্গিতে বলেন, এই নতুন ভারত ঘর মে ঘুস কে মারতা হ্যায়।
তিনি আরও বলেন, সরকারের কাছে সর্বোচ্চ প্রাধান্য হল ভারতমাতাকে রক্ষা করা। পাকিস্তানি জঙ্গিরা আমাদের মা-বোনের সিঁদুর মুছে দিয়েছিল। আমরা অপারেশন সিঁদুরে ওদের নাম ও নিশান মুছে দিয়েছি। চোখের পলক পড়ার আগে ওদের ধরাশায়ী করে দিয়েছে আমাদের সেনাবাহিনী।
প্রসঙ্গত, গত মঙ্গলবারই জয়েশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি মাসুদ বলে, আজহারের পরিবারের অধিকাংশ সদস্যই ভারতীয় অপারেশনে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কাশ্মীরির কথায়, পাকিস্তানের বাহাওয়ালপুরের ডেরায় ভারত যে আক্রমণ চালিয়েছিল তাতে সংগঠনের প্রধানের পরিবারের প্রায় সকলেই নিহত হয়েছে। উল্লেখ্য, কাশ্মীরির এই ভিডিও বার্তায় দেখা গিয়েছে, পাকিস্তানি সেনা আধিকারিকরা তাঁকে ঘিরে রয়েছেন। অপারেশন সিঁদুরের পর এতদিন ধরে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে ছিল জয়েশ নেতারা। এই প্রথম তারা সংগঠনের বিরাট ক্ষতির কথা নিজেরাই মেনে নেয়।