প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এক অনন্য উপহার। সিলভার কাস্ট ক্রিয়েশনস ঘোষণা করল এক মহাকাব্যিক বায়োপিক— ‘মা বন্দে’।

শেষ আপডেট: 17 September 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এক অনন্য উপহার। সিলভার কাস্ট ক্রিয়েশনস ঘোষণা করল এক মহাকাব্যিক বায়োপিক— ‘মা বন্দে’। যেখানে জীবন্ত হয়ে উঠবে প্রধানমন্ত্রীর শৈশব থেকে দেশের নেতৃত্বে পৌঁছনোর বিস্ময়কর যাত্রা। ছবিটি শুধু একজন রাষ্ট্রনায়কের গল্প নয়, বরং এক মায়ের প্রতি অটল শ্রদ্ধা ও অনুপ্রেরণার অমলিন কাহিনি। কারণ, পরিচালকরা জানিয়েছেন— এই বায়োপিক বিশেষভাবে আলোকপাত করবে মোদীর প্রয়াত মা হীরা বেন মোদীর সঙ্গে তাঁর গভীর সম্পর্কের উপর।
প্রধান চরিত্রে অভিনয় করবেন মালয়ালম তারকা উণ্মি মুখুন্দন। যিনি ইতিমধ্যেই ‘মার্কো’ এবং ‘গরুডান’-এর মতো ছবিতে নজর কেড়েছেন। এ বার তিনি রূপোলি পর্দায় হয়ে উঠবেন নরেন্দ্র মোদী— ছোট্ট শহরের ছেলে থেকে জাতির নেতা হয়ে ওঠার গল্প তাঁর মুখের ভাষাতেই বলবে।
চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ক্রান্তি কুমার সি.এইচ। প্রযোজক ভীর রেড্ডি এম। নির্মাতাদের দাবি, ছবিটি আন্তর্জাতিক মানে তৈরি হবে, যেখানে ব্যবহৃত হবে আধুনিকতম ভিএফএক্স ও আড়ম্বরপূর্ণ প্রোডাকশন ডিজাইন।
প্রযুক্তিগত দিক সামলাবেন ভারতীয় সিনেমার সেরারা। ক্যামেরায় কেকে সেন্টিল কুমার— ‘বাহুবলী’ ও ‘ঈগা’র ম্যাজিশিয়ান। সম্পাদনায় জাতীয় পুরস্কার জয়ী শ্রীকর প্রসাদ। প্রোডাকশন ডিজাইনে সবু সিরিল, যিনি প্রতিটি ফ্রেমকে করে তুলবেন মহিমান্বিত। অ্যাকশনের দায়িত্বে কিং সলোমন, আর সুরে থাকছেন রবি বসরুর— যাঁর ‘কেজিএফ’ ও ‘সালার’-এর সঙ্গীত আজও কানে বাজে।

মালয়ালম তারকা উণ্মি মুখুন্দন
ছবিটি মুক্তি পাবে প্যান-ইন্ডিয়া, বহু ভাষায়— ইংরেজিসহ। নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছেন— দর্শকরা পাবেন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা মোদীর জীবন ও নেতৃত্বের অনুপ্রেরণামূলক উত্তরাধিকারকে নতুন করে দেখাবে। তবে মুক্তির দিন এখনও ঘোষণা হয়নি।
এই ছবির ঘোষণার সঙ্গে মনে পড়ে যায় ২০১৯ সালের ‘পিএম নরেন্দ্র মোদী’, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন বিবেক ওবেরয়।
আসলে রাজনৈতিক বায়োপিক এখন ভারতীয় সিনেমার এক জনপ্রিয় ধারা। সাম্প্রতিক উদাহরণ— প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনী নিয়ে ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের কাহিনি নিয়ে ‘ঠাকরে’, অথবা অটল বিহারী বাজপেয়ীর জীবনকথা নিয়ে ‘ম্যায় অটল হুঁ’।
প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন এক্সিকিউটিভ প্রডিউসার গঙ্গাধর এন.এস. এবং বাণীশ্রী বি। লাইন প্রডিউসার টি.ভি.এন. রাজেশ এবং সহপরিচালক নারসিমহা রাও এম। অর্থাৎ, অভিজ্ঞ এক শক্তিশালী টিম মিলে গড়ে তুলছেন ‘মা বন্দে’।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে দক্ষিণী চলচ্চিত্র জগত থেকেও শুভেচ্ছা বার্তা এসেছে ঢল নামিয়ে। রজনীকান্ত, মোহনলাল, পাওয়ারস্টার পবন কল্যাণ, কমল হাসান থেকে জুনিয়র এনটিআর— সকলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা।
একদিকে শুভেচ্ছার স্রোত, অন্যদিকে জীবনের অধ্যায়গুলিকে চলচ্চিত্রে বন্দি করার প্রস্তুতি। ‘মা বন্দে’ তাই শুধু এক নেতার গল্প নয়, বরং মায়ের প্রতি অবিনশ্বর ভালোবাসা ও অনুপ্রেরণার গাথা। জন্মদিনে ছেলেকে ঘিরে মায়ের আশীর্বাদ যেমন অটুট থাকে, তেমনি এই ছবির মাধ্যমে সেই অমর সম্পর্ক হয়ে উঠবে চিরন্তন। ‘মা বন্দে’— এক মায়ের প্রতি অন্তহীন প্রণাম, এক নেতার জীবনের চিরস্মরণীয় উদযাপন।