গোটা এশিয়াতেই গত কয়েক মাস ধরে ধাপে ধাপে কোভিড সংক্রমণ বাড়ছে। মাঝে মাঝেই নতুন ঢেউ দেখা দিচ্ছে। স্বাস্থ্য আধিকারিকরা বারবার জনগণকে টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 May 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: ফের মাথাচাড়া দিল কোভিড ১৯। হংকং, সিঙ্গাপুর, চিন, থাইল্যান্ড-সহ একাধিক দেশে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। হংকং ও সিঙ্গাপুরের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই জনগণকে সতর্ক করেছে। কোভিড-১৯-এর এই নতুন ঢেউ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যথেষ্ট উদ্বিগ্ন।
হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রোটেকশনের কমিউনিকেবল ডিজিজ শাখার প্রধান অ্যালবার্ট আউ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শহরে কোভিড সংক্রমণের হার বর্তমানে 'অত্যন্ত উচ্চ' পর্যায়ে রয়েছে।
আউ জানিয়েছেন, হংকংয়ে এখন যে পরিমাণ নমুনায় কোভিড ধরা পড়ছে, তা গত বছরের তুলনায় বেশি। মে মাসের ৩ তারিখ পর্যন্ত সপ্তাহে মোট ৩১ জন গুরুতরভাবে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যুও হয়েছে অনেকের। রোগী চিহ্নিত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। যদিও আগের দুই বছরের তুলনায় এখনও সংক্রমণের পরিমাণ কম।
শহরের নিকাশি জলে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। হাসপাতালে এবং ক্লিনিকে কোভিডের লক্ষণ নিয়ে আসা রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
হংকংয়ের পাশাপাশি সিঙ্গাপুরেও বাড়ছে সংক্রমণ। গত এক বছরে প্রথমবার, মে মাসে কোভিড সংক্রান্তের প্রকাশ করেছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। মে মাসের ৩ তারিখ পর্যন্ত সেখানে কোভিড সংক্রমণ ২৮% বেড়ে দাঁড়িয়েছিল আনুমানিক ১৪ হাজার ২০০-তে। ওই একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে প্রায় ৩০%।
সিঙ্গাপুরে সংক্রমণ খুব একটা না বাড়লেও পরিসংখ্যান প্রকাশ্যে আসেনি। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলেই হয়তো এই সংক্রমণ ও তার বাড়বাড়ন্ত। তবে এখন পর্যন্ত এমন কোনও তথ্য মেলেনি যা প্রমাণ করে নতুন ভাইরাস স্ট্রেইনগুলি আগের চেয়ে বেশি সংক্রামক বা মারাত্মক।
গোটা এশিয়াতেই গত কয়েক মাস ধরে ধাপে ধাপে কোভিড সংক্রমণ বাড়ছে। মাঝে মাঝেই নতুন ঢেউ দেখা দিচ্ছে। স্বাস্থ্য আধিকারিকরা বারবার জনগণকে টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। বিশেষত যাঁরা ঝুঁকিপূর্ণ, তাঁদের জন্য বুস্টার ডোজ নেওয়া জরুরি বলে মনে করছেন তাঁরা। এছাড়াও, গরমে সাধারণত অন্যান্য ভাইরাস দুর্বল হয়ে পড়ে। কিন্তু এমন সময়ে কোভিড সংক্রমণ বাড়া এই ভাইরাসের স্থায়ী সংক্রামক ক্ষমতারই প্রমাণ।
ব্লুমবার্গ-এর রিপোর্ট অনুযায়ী, চিনেও নতুন কোভিড ঢেউ শুরু হয়েছে। সকলেই সতর্ক রয়েছে। এদিকে এদেশে এই ভাইরাসে আক্রান্তর খবর পাওয়া যায়নি।