যোগেন্দ্র ছাত্রিয়া জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্যারা-অ্যাথলিট যোগেন্দ্র ছাত্রিয়া
শেষ আপডেট: 10 August 2025 14:02
দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বলাঙ্গিরে ব়্যাবিস আক্রান্ত কুকুরের কামড়ে মৃত্যু হল জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট যোগেন্দ্র ছাত্রিয়ার (৩৩)। জানা গিয়েছে, গত ২৩ জুলাই ওই কুকুরটি হঠাৎ করেই রাস্তায় লোকজনের উপর ঝাঁপিয়ে পড়ে। একের পর এক ছ’জনকে কামড়ায়, যাঁদের মধ্যে ছিলেন যোগেন্দ্র ছাড়াও কয়েকজন পড়ুয়া, তারা সকলেই স্কুলে যাচ্ছিল।
কামড়ের ঘটনায় আহত ছ’জনকে প্রথমে বলাঙ্গির জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বুর্লায় পাঠানো হয়। তাঁদের মধ্যে চারজন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলেও যোগেন্দ্র এবং আর এক আক্রান্ত হৃষিকেশ রানা (৪৮) শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
যোগেন্দ্র ছাত্রিয়া জাতীয় স্তরের প্যারা-অ্যাথলিট হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখযোগ্য, গত মাসেই কেন্দ্র জানিয়েছিল, চলতি বছরে দেশে ইতিমধ্যেই ৩৭ লক্ষেরও বেশি কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে এবং ৫৪টি ‘সন্দেহভাজন ব়্যাবিসে’ মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী এস.পি. সিং বাঘেল ২২ জুলাই সংসদে জানান, শুধুমাত্র ২০২৪ সালেই দেশে মোট ৩৭,১৭,৩৩৬টি কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে। একইসঙ্গে ব়্যাবিসে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৫৪ জনের।
মন্ত্রী আরও বলেন, 'পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের দায়িত্ব মিউনিসিপ্যালিটিগুলির। জন্মনিয়ন্ত্রণে‘অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল প্রোগ্রাম’ চালু রয়েছে।'