মোদী কথায়, বিশ্বের কাছেও এই বিষয়টি খুব আশ্চর্যের যে, এত ভিন্নতা নিয়েও ভারত এক। তাই মনে রাখতে হবে, সব ভাষাকে সম্মান দিতে হবে কারণ সব ভাষা থেকেই কিছু না কিছু শেখার রয়েছে, আর শিখতে শিখতেই জ্ঞানের ভাণ্ডার আরও বাড়বে।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 15 August 2025 09:36
দ্য ওয়াল ব্যুরো: ৭৯ তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) লালকেল্লার ভাষণে উঠে এল বাংলা ভাষা (Bengali Language) প্রসঙ্গ! যে ইস্যু নিয়ে বিগত কয়েক মাস ধরে জাতীয় রাজনীতি উত্তাল, সেই বিষয় নিয়ে লালকেল্লার (Red Fort) মঞ্চ থেকে মুখ খুললেন মোদী। বিশেষজ্ঞদের মতে, বাংলা ভাষা নিয়ে তিনি যা বললেন তাতে সাম্প্রতিক তৈরি হওয়া বিতর্কে জল পড়ল।
এদিন লালকেল্লা থেকে মোদী বলেন, 'বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। সব ভাষা নিয়েই আমাদের গর্ব হওয়া উচিত।' প্রধানমন্ত্রীর এই একটি মন্তব্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কিন্তু কোন প্রসঙ্গে তিনি এমন বললেন? আসলে ভারতের বৈচিত্র্য এবং একতার উদাহরণ দিতে গিয়ে মহাকুম্ভের উদাহরণ টানেন মোদী। বলেন, ''বৈচিত্র্যই আমাদের সংস্কৃতি, আমাদের দেশের শক্তি। আমাদের গৌরব। মহাকুম্ভে সেই বৈচিত্র্যের উদযাপন আমরা দেখেছি।''
এরপরই বিভিন্ন ভাষার কথা প্রসঙ্গে বলেন, ''ভাষার বৈচিত্র্যও রয়েছে আমাদের দেশে। এর মধ্যে মারাঠি, অহমিয়া, বাংলা, পালি, প্রাকৃতকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ভাষাই আমাদের জ্ঞানের উৎস। সমস্ত ভাষা নিয়ে ভারতবাসীর গর্ব হওয়া উচিত।'' মোদী কথায়, বিশ্বের কাছেও এই বিষয়টি খুব আশ্চর্যের যে, এত ভিন্নতা নিয়েও ভারত এক। তাই মনে রাখতে হবে, সব ভাষাকে সম্মান দিতে হবে কারণ সব ভাষা থেকেই কিছু না কিছু শেখার রয়েছে, আর শিখতে শিখতেই জ্ঞানের ভাণ্ডার আরও বাড়বে।
ভিনরাজ্য বাঙালিদের 'হেনস্থা' করার অভিযোগ তুলে সরব হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। বাংলা ভাষা বললেই সারা দেশের বিভিন্ন রাজ্যে 'বয়কট' করা হচ্ছে বলে দাবি করেছে বাংলার শাসক দল। ভাষা ইস্যুতে পথে নেমে ইতিমধ্যে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। এরই মধ্যে বড় বিতর্ক সৃষ্টি হয়েছিল কেন্দ্রীয় নেতা অমিত মালব্যের মন্তব্যে যখন তিনি বলেছিলেন - বাংলা কোনও ভাষাই নয়! কিন্তু স্বাধীনতা দিবসের ভাষণে সমস্ত বিতর্কের আগুনে কার্যত জল ঢাললেন প্রধানমন্ত্রী।