লালকেল্লার প্রাচীরে একদিকে তেরঙ্গার পাশাপাশি উড়ল ‘অপারেশন সিঁদুর’-এর পতাকাও। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই সামরিক অভিযানই এখন ভারতের জন্য 'নিউ নর্মাল'।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 15 August 2025 08:20
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ৭৯ তম স্বাধীনতা দিবস (Independence Day) পালন করছে ভারত। আর এদিন লালকেল্লা থেকে ভাষণ দিয়ে ফের একবার আত্মনির্ভরতার (Atmanirvar Bharat) কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর বক্তব্যে উঠে এল 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বললেন, দেশ যে আত্মনির্ভর তার সবথেকে বড় উদাহরণ হয়ে উঠেছে সিঁদুর অভিযান।
লালকেল্লার প্রাচীরে একদিকে তেরঙ্গার পাশাপাশি উড়ল ‘অপারেশন সিঁদুর’-এর পতাকাও। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই সামরিক অভিযানই এখন ভারতের জন্য 'নিউ নর্মাল' (New Normal)। তাঁর সংযোজন, পহেলগাম হত্যাকাণ্ডের প্রতিশোধে পাকিস্তানের বিরুদ্ধে চালানো এই অভিযান শত্রুপক্ষকে কল্পনাতীত আঘাত দিয়েছে।
গেরুয়া পাগড়ি, নেহরু জ্যাকেট এবং গেরুয়া-সবুজ বর্ডারের সাদা সাফা স্কার্ফ পরে লালকেল্লার মঞ্চে মোদীর কণ্ঠে শোনা গেল কঠোর বার্তা। ২২ এপ্রিলের পহেলগাম হত্যালীলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শিশুদের সামনে বাবাদের হত্যা করা হয়েছিল। তার প্রতিশোধ নিতে সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল সম্পূর্ণ স্বাধীনতা। আর তাতে তাঁরা ১০০ শতাংশ সফল। মোদীর কথায়, ভারতীয় সেনা সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিয়েছে, পাকিস্তানের ভেতরে ঢুকে ধ্বংস করেছে জঙ্গি ঘাঁটি। এই প্রসঙ্গে তাঁদের সাধুবাদ জানান প্রধানমন্ত্রী।
স্বাধীনতা দিবসের মোদীর ভাষণে উঠে আসে পরমাণু প্রসঙ্গও। তিনি সাফ জানান, কারও কোনও হুমকিতে ভয় পায়ার কিছু নেই। ভারত নিজেই পরমাণু নিয়ে অনেক কাজ করছে। মোদী স্পষ্টত বলেন, 'ভারত এখন আত্মনির্ভর। কারও সাহায্য বা কারও ওপর নির্ভরতার দরকার নেই। তাই আমরা কাউকে ভয়ও পাব না।' তিনি এও মনে করিয়ে দেন, আজ আর ভারত কারও ওপর নির্ভর করে না। ভ্যাকসিন তৈরি থেকে শুরু করে, অস্ত্র, মহাকাশ গবেষণা থেকে ইউপিআই... সব কিছুই 'মেক ইন ইন্ডিয়া।'