৮ম বেতন কমিশনের (8th Pay Commission) শর্তাবলী বা টার্মস অফ রেফারেন্স (ToR) অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই কমিশন একটি অস্থায়ী সংস্থা হিসেবে কাজ করবে।

নরেন্দ্র মোদী ও নির্মলা সীতারমন।
শেষ আপডেট: 28 October 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক বসে। ওই বৈঠকে ৮ম বেতন কমিশনের (8th Pay Commission) শর্তাবলি বা টার্মস অফ রেফারেন্স (ToR) অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই কমিশন একটি অস্থায়ী সংস্থা হিসেবে কাজ করবে।
৮ম বেতন কমিশনে থাকবেন একজন চেয়ারম্যান, একজন পার্ট-টাইম সদস্য এবং একজন মেম্বার-সেক্রেটারি। ১৮ মাসের মধ্যে এই কমিশন তাদের সুপারিশ জমা দেবে। প্রয়োজনে ধাপে ধাপে অন্তর্বর্তী রিপোর্টও জমা দিতে পারবে কমিশন।
সন্দেহ নেই, কমিশনের সুপারিশের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন এক লপ্তে অনেকটাই বেড়ে যেতে পারে। অতীতেও তাই হয়েছে। তার ফলে এদিনের ঘোষণা বহু লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে আশার সঞ্চার ঘটাবে বলেই মনে করা হচ্ছে।
অষ্টম বেতন কমিশনের সুপারিশ তৈরিতে ৫টি বিষয় গুরুত্ব পাবে। সুপারিশ করার সময়ে কমিশন নিম্নলিখিত বিষয়গুলিতে বিশেষ নজর দেবে—
১. দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা।
২. উন্নয়নমূলক খরচ ও সামাজিক কল্যাণমূলক কর্মসূচির জন্য পর্যাপ্ত সম্পদের ব্যবস্থা করা।
৩. অবদানবিহীন পেনশন ব্যবস্থার (non-contributory pension schemes) ব্যয়ভার।
৪. রাজ্য সরকারের আর্থিক কাঠামো, কারণ সাধারণত রাজ্যগুলি কমিশনের সুপারিশ কিছু পরিবর্তন করে গ্রহণ করে।
৫. কেন্দ্রীয় পাবলিক সেক্টর তথা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র এবং বেসরকারি সংস্থার কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার সঙ্গে তুলনা।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন কাঠামো, পেনশন এবং অন্যান্য পরিষেবার শর্তাবলী নির্ধারণে সময় সময় বেতন কমিশন গঠন করে কেন্দ্র। সাধারণত প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠিত হয়। এই ধারা অনুসারে, ৮ম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ ১ জানুয়ারি ২০২৬।
২০২৫ সালের জানুয়ারিতে কেন্দ্র সরকার ৮ম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিল। কমিশনের কাজ হবে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পুনর্বিবেচনা করে সুপারিশ জমা দেওয়া।
বিশেষজ্ঞদের মতে, ৮ম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে কেন্দ্রীয় কর্মচারীদের হাতে বেতনের পরিমাণ বাড়বে। এর প্রভাব রাজ্য সরকারগুলিতেও পড়তে পারে, কারণ বেশিরভাগ রাজ্যই কেন্দ্রের সুপারিশ কিছু পরিবর্তনসহ গ্রহণ করে। একইসঙ্গে এই সুপারিশ অর্থনীতিতে আর্থিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।