পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এখন ১৮ শতাংশ হারে ডিএ পান। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে ফারাক বেড়ে হল ৪০ শতাংশ। কারও মূল বেতন ৫০,০০০ টাকা হলে তিনি ডিএ পান ৯,০০০ টাকা। অর্থাৎ টাকার অঙ্কে ডিএ-র ফারাক হল ২০,০০০ টাকা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 October 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো ও দীপাবলির উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর দিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বুধবার ঘোষণা করেছেন, ১ জুলাই ২০২৫ থেকে মহার্ঘ ভাতায় (DA) ৩% বৃদ্ধি কার্যকর হবে। সরকারের পক্ষ থেকে একে ‘দুর্গাপুজোর উপহার’ বলা হয়েছে। তিনি এও ইঙ্গিত দিয়েছেন, এর পর আরও বড় সুরাহা হবে পে কমিশনের (8th pay commission) সুপারিশ ঘোষণা হলে।
কতটা বাড়ল মহার্ঘ ভাতা?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত হয় মুদ্রাস্ফীতির ক্ষতিপূরণ হিসেবে। এবারের সিদ্ধান্তে ডিএ ৫৫% থেকে বেড়ে দাঁড়াল ৫৮%। উদাহরণস্বরূপ, যাঁদের মূল বেতন ৫০,০০০ টাকা, তাঁরা এর আগে ২৭,৫০০ টাকা ডিএ পেতেন। এবার থেকে তা বেড়ে হবে ২৯,০০০ টাকা। অর্থাৎ মাসিক অতিরিক্ত ১,৫০০ টাকা পাবেন কর্মীরা।
এবছরে দ্বিতীয় দফার বৃদ্ধি
এটি চলতি বছরের দ্বিতীয় বৃদ্ধি। এর আগে মার্চ মাসে কেন্দ্র ২% DA বৃদ্ধি করেছিল। তার আগে গত বছরের অক্টোবরে ৩% বাড়ানো হয়েছিল। অর্থাৎ এক বছরের মধ্যে তিন দফা বৃদ্ধিতে কেন্দ্রীয় কর্মীরা যথেষ্ট আর্থিক স্বস্তি পেয়েছেন।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের (DA West Bengal government) সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ-র ফারাক, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এখন ১৮ শতাংশ হারে ডিএ পান। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে ফারাক বেড়ে হল ৪০ শতাংশ। কারও মূল বেতন ৫০,০০০ টাকা হলে তিনি ডিএ পান ৯,০০০ টাকা। অর্থাৎ টাকার অঙ্কে ডিএ-র ফারাক হল ২০,০০০ টাকা।
কেন দেওয়া হয় মহার্ঘ ভাতা?
মহার্ঘ ভাতা মূলত CPI (Consumer Price Index) বা উপভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে নির্ধারিত হয়। প্রতি ছয় মাস অন্তর এই সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ (DA) বাড়ানো হয়। এর ফলে সরকারি কর্মচারীরা মুদ্রাস্ফীতি মোকাবিলায় কিছুটা আর্থিক সহায়তা পান।
অষ্টম বেতন কমিশনের (8th pay commission) প্রেক্ষাপটে এই বৃদ্ধি
কেন্দ্র ইতিমধ্যেই ঘোষণা করেছে অষ্টম বেতন কমিশন, যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা। কমিশনের সুপারিশ কার্যকর হলে বর্তমান DA মূল বেতনের সঙ্গে মিশে যাবে। বিশেষজ্ঞদের মতে, ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ থেকে ২.৮৬-এর মধ্যে হলে সরকারি কর্মীদের বেতন কাঠামোয় ১৩% থেকে ৩৪% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তবে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগে পর্যন্ত DA বৃদ্ধিই কর্মীদের আর্থিক সুরাহা দেবে।
পেনশনভোগীরাও উপকৃত হবেন
এই সিদ্ধান্তে সরকারি পেনশনভোগীরাও সমানভাবে উপকৃত হবেন। কারণ তাঁদের পেনশন সরাসরি মূল বেতন ও মহার্ঘ ভাতার ওপর নির্ভরশীল। ফলে উৎসবের মরশুমে তাঁদের জন্যও এল অতিরিক্ত আর্থিক স্বস্তি।
৭ম বেতন কমিশনের অভিজ্ঞতা
উল্লেখযোগ্য, ৭ম বেতন কমিশন প্রায় ২০০ ধরনের ভাতা খতিয়ে দেখে ৫২টি ভাতা বাতিল ও বেশ কয়েকটি ভাতা জুড়ে দিয়েছিল। যার লক্ষ্য ছিল বেতন কাঠামোকে আরও সহজ ও স্বচ্ছ করা। নতুন কমিশনের ক্ষেত্রেও সেই ধারা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।