ওয়াশিংটনের ‘ইনস্টিটিউট অফ পিস’-এ অনুষ্ঠিত বৈঠকে প্রায় পঞ্চাশটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর মধ্যে সাতাশটি দেশ ছিল শান্তি বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য। বাকি দেশগুলি, যার মধ্যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নও রয়েছে, পর্যবেক্ষক হিসেবে যোগ দেয়।

নমগ্যা সি খাম্পা
শেষ আপডেট: 20 February 2026 11:59
দ্য ওয়াল ব্যুরো: গাজা নিয়ে গঠিত বোর্ড অফ পিস-এর (Gaza Board Of Peace) প্রথম বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করলেন নমগ্যা সি খাম্পা (Namgya C Khampa)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) উদ্যোগে গঠিত এই বোর্ডের সূচনা বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সেখানে পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছিল ভারত (India)।
গত মাসে ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (World Economic Forum) বৈঠকে ট্রাম্প ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা করেন। তাঁর দাবি ছিল, এই পর্ষদ ভবিষ্যতে এমন এক মঞ্চ হয়ে উঠতে পারে, যা গুরুত্বের দিক থেকে রাষ্ট্রপুঞ্জকেও (UN) টেক্কা দেবে। তিনি চান, বিশ্বের সব দেশ এই উদ্যোগের অংশ হোক।
ওয়াশিংটনের ‘ইনস্টিটিউট অফ পিস’-এ অনুষ্ঠিত বৈঠকে প্রায় পঞ্চাশটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর মধ্যে সাতাশটি দেশ ছিল শান্তি বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য। বাকি দেশগুলি, যার মধ্যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নও রয়েছে, পর্যবেক্ষক হিসেবে যোগ দেয়।
কে এই নমগ্যা সি খাম্পা
বর্তমানে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও উপপ্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন নমগ্যা সি খাম্পা (Namgya C Khampa)। আনুষ্ঠানিক রাষ্ট্রদূত নিযুক্ত না থাকলে তিনিই দূতাবাসের প্রধানের ভূমিকা পালন করেন এবং কূটনৈতিক কার্যক্রমের দৈনন্দিন তদারকি করেন।
১৯৭৭ সালে জন্ম খাম্পার। ২০০০ সালের ব্যাচের ভারতীয় বিদেশ পরিষেবার আধিকারিক তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে দেশের কূটনীতিতে যুক্ত। কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
চিনে অবস্থিত ভারতীয় কূটনৈতিক দফতরে দু’দফায় কাজ করেছেন তিনি। প্রথমবার ২০০২ থেকে ২০০৬ এবং পরে ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনেও দায়িত্বে ছিলেন। সেই সময় প্রশাসনিক ও বাজেট বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত হন তিনি।
পরে নেপালের কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসে উপপ্রধান হিসেবে কাজ করেছেন। কেনিয়ায় ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্ক মজবুত করা এবং বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। একই সঙ্গে সোমালিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবেও অতিরিক্ত দায়িত্ব সামলান।
দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার জোরেই আন্তর্জাতিক পরিসরে ভারতের প্রতিনিধিত্বে এখন গুরুত্বপূর্ণ মুখ নমগ্যা সি খাম্পা।
প্রসঙ্গত, এই বৈঠকে ট্রাম্প ঘোষণা করেন কাজাখস্তান, আজারবাইজান, ইউএই, মরক্কো, বাহরিন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত মিলিয়ে মোট ৭ বিলিয়ন ডলার তুলে গাজাকে দেওয়া হবে পুনর্গঠনের জন্য। আমেরিকা দেবে ১০ বিলিয়ন ডলার, যদিও সেই অর্থ ঠিক কী কী কাজে খরচ হবে তা স্পষ্ট করা হয়নি।
পূর্ণ সদস্য নয় কিন্তু আলোচনার টেবিলে ভারত অংশ নিল। কূটনৈতিক মহলের মতে, যোগ দেওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি, কিন্তু ভারত বোর্ডটিকে গুরুত্ব দিচ্ছে - এই বার্তা এখান থেকে স্পষ্ট।