বাড়ি ভাড়া নেওয়ার সময় সৈয়দ আলি ৭৫ শতাংশ ডিপোজিট অর্থাৎ ৪.৫ লক্ষ টাকা মিটিয়ে দিয়েছিলেন। বাকি টাকা পরে দেওয়ার কথা ছিল তাঁর।

ছবি - এআই
শেষ আপডেট: 25 July 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের (Mumbai) ডোম্বিভিলির বাসিন্দা অনিল চৌহান ভেবেছিলেন বাড়ি ভাড়া (Rent) দিয়ে কিছু বাড়তি আয় হবে। কিন্তু সেই সিদ্ধান্তই ডেকে আনল ভয়াবহ বিপদ। ভাড়াটে সৈয়দ আলির কাছ থেকে চুক্তির ৬ লক্ষ টাকার ডিপোজিটের (Deposit) মধ্যে ৪.৫ লক্ষ টাকা প্রথমে পেলেও, বাকি ১.৫ লক্ষ টাকা আর পাননি তিনি। সেই টাকা চাইতেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। সৈয়দ গাড়ি চালিয়ে দেন অনিলের ওপর দিয়ে!
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বাইগানওয়াড়িতে। বাড়ি ভাড়া নেওয়ার সময় সৈয়দ আলি ৭৫ শতাংশ ডিপোজিট অর্থাৎ ৪.৫ লক্ষ টাকা মিটিয়ে দিয়েছিলেন। বাকি টাকা পরে দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই টাকা দীর্ঘদিন না পাওয়ায়, গত ২১ জুলাই সরাসরি আলির সঙ্গে দেখা করতে যান অনিল। তবে প্রথমেই কথা কাটাকাটি শুরু হয়। পরে তা চরমে পৌঁছতে আচমকা আলি নিজের গাড়ি চালিয়ে দেন (Car Runs Over) অনিলের ওপর দিয়ে। গুরুতর জখম হন তিনি।
চিকিৎসার পরে, অনিল ডিওনার থানায় অভিযোগ দায়ের করেন আলির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে সৈয়দ আলিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
উল্লেখযোগ্য, মুম্বইয়ে ‘হেভি ডিপোজিট’ বা ‘জিরো রেন্টাল’ বাড়ি ভাড়ার ব্যবস্থা ইদানীং বেশ জনপ্রিয় হচ্ছে। এই ব্যবস্থায় মালিকরা বাড়ি ভাড়া দেন দীর্ঘমেয়াদি নিরাপত্তা জামানতের বিনিময়ে। মাসিক ভাড়া না দিলেও, চুক্তির শেষে ভাড়াটিয়াকে সেই ডিপোজিট পুরো ফেরত দিতে হয়, যদি না কোনও ক্ষতি বা বকেয়া বিল থাকে।
কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে — এই নতুন ব্যবস্থার আইনি ও সামাজিক নিরাপত্তা কতটা নিশ্চিত?