কৈলাশ মাকওয়ানা আক্ষেপ করে বলেন, “আগে পরিবারে অভিভাবকদের কথা শুনত সন্তানরা, শিক্ষকদের সম্মান করত, সমাজে একধরনের ভয়ের পরিবেশ ছিল। কিন্তু এখন সেই ছবি প্রায় মুছে গেছে।”

মধ্যপ্রদেশের ডিজিপি-র মন্তব্যে বিতর্কের ঝড়
শেষ আপডেট: 29 June 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ প্রতিরোধের দায় শুধু পুলিশের নয়, এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের শীর্ষ পুলিশকর্তা (Madhya Pradesh Director General of Police) কৈলাশ মাকওয়ানা। তাঁর মতে, ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির পেছনে ইন্টারনেট, মোবাইল ফোন, সহজে পাওয়া যাচ্ছে এমন অশ্লীল কনটেন্ট, মদ্যপান ও সমাজে নৈতিকতার অবক্ষয় বড় কারণ।
উজ্জয়িনীতে একটি বিভাগীয় পর্যালোচনা বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজিপি (DGP) বলেন, “ধর্ষণ বৃদ্ধির অনেকগুলো কারণ আছে। আমার মতে, মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে অশ্লীল কনটেন্টের সহজলভ্যতা, মদ্যপান, এবং যেকোনও সময় যেকোনও জায়গায় যোগাযোগের সুবিধা, এসবই আজ সমাজে নৈতিক অবক্ষয়ের সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, “ইন্টারনেটে (Internet) যেভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, তাতে ছোট বয়স থেকেই যুবদের মনে তার গভীর প্রভাব পড়ছে। এই বিকৃত প্রভাবই ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। আর তাই শুধুমাত্র পুলিশই এই সমস্যার সমাধান করতে পারবে, এমন ভাবা ঠিক নয়।”
কৈলাশ মাকওয়ানা আক্ষেপ করে বলেন, “আগে পরিবারে অভিভাবকদের কথা শুনত সন্তানরা, শিক্ষকদের সম্মান করত, সমাজে একধরনের ভয়ের পরিবেশ ছিল। কিন্তু এখন সেই ছবি প্রায় মুছে গেছে।” তাঁর দাবি, আজকের দিনে পরিবারের সদস্যরাও একে অপরের দিকে নজর রাখেন না। “সেই দিনের কথা আর নেই, যখন সন্তানরা মা-বাবার বা শিক্ষকের কথা শুনত। এখন লজ্জা, সম্মান, এসব অনেকটাই হারিয়ে যাচ্ছে।” এমন মন্তব্য করেন তিনি।
এই বক্তব্যে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, প্রশাসনের ব্যর্থতা আড়াল করতে কি তবে প্রযুক্তিকে দায়ী করছেন ডিজিপি? আবার অনেকেই বলছেন, পারিবারিক নিয়ন্ত্রণ ও সমাজের দায়িত্ব নিয়েও নতুন করে ভাবা দরকার।