মোদীর বুলেট ট্রেন সফর শুধু প্রযুক্তিগত অভিজ্ঞতা নয়, ভারত-জাপান সম্পর্কের নতুন ইতিহাসও গড়ল।

জাপানের বুলেট ট্রেনে মোদী
শেষ আপডেট: 30 August 2025 10:16
দ্য ওয়াল ব্যুরো: লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন তখন থেকেই দেশকে বুলেট ট্রেনের স্বপ্ন দেখাচ্ছে দিল্লি। তার পর থেকে কমবেশি সব রেল মন্ত্রীই সেই স্বপ্নকে জিইয়ে রেখেছেন। শনিবাসরীয় সকালে ভারতের সেই আশাকে ফের সার জল দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপান সফরের দ্বিতীয় দিনে মোদী (Narendra Modi) এদিন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে (Bullet train) যাত্রা করলেন। টোকিও থেকে তাঁরা রওনা দেন সেনদাই শহরের উদ্দেশ্যে। যাত্রাপথে দু’জনেই পূর্ব জাপান রেলওয়ে কোম্পানির (JR East) আধুনিক বুলেট ট্রেন পরিষেবা ও এর উন্নত প্রযুক্তি ঘুরে দেখেন।
শিগেরু ইশিবা তাঁর এক্স হ্যান্ডেলে এই বিশেষ সফরের ছবি ভাগ করে নিয়ে লেখেন— “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেনদাই যাচ্ছি। গত রাত থেকে আজ পর্যন্ত তাঁর সঙ্গে কাটাচ্ছি সময়।” ছবিতে দেখা যায় দুই প্রধানমন্ত্রী একসঙ্গে বুলেট ট্রেনের কামরায় বসে আছেন।
モディ首相と仙台へ。昨夜に引き続き、車内からご一緒します。 pic.twitter.com/ggE6DonklN
— 石破茂 (@shigeruishiba) August 30, 2025
যাত্রাপথে দুই প্রধানমন্ত্রী সর্বাধুনিক ALFA-X ট্রেন সম্পর্কেও অবহিত হন। জাপান পূর্ব রেলের চেয়ারম্যান তাঁদের এ বিষয়ে বিশদ তথ্য দেন। ইশিবা এক্স পোস্টে লেখেন— “ALFA-X ট্রেনটি জানালার বাইরে থেকে পর্যবেক্ষণ করলাম, চেয়ারম্যানের কাছ থেকে এর নানা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম।”
এর আগে শনিবারই টোকিওতে মোদী জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ভারত ও জাপানের রাজ্য-প্রীফেকচার স্তরের সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই সহযোগিতার জন্য ইতিমধ্যেই ইন্ডিয়া-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মোদীর কথায়, “বাণিজ্য, উদ্ভাবন, উদ্যোগ, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা–সহ নানা ক্ষেত্রে দুই দেশের রাজ্য ও প্রিফেকচারের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্টার্টআপ ও টেক সেক্টরে যৌথ কাজ বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে।”
ভারত-জাপান সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মোদীর এই সফরে বুলেট ট্রেন অভিজ্ঞতা নিঃসন্দেহে এক প্রতীকী ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ধরা পড়ল।