বিচারপতি যাদব অভিভাবকদের সতর্ক করে দেন, 'সন্তানের সঙ্গে কথা বলুন। নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হতে দেবেন না।' সন্তানের আচরণে কোনও অস্বাভাবিকতা দেখলে গুরুত্ব দিন
.jpg.webp)
ছবি- এআই
শেষ আপডেট: 11 September 2025 11:56
দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ফোন আসার পর থেকে পরিবারের মধ্যেই একে অপরের সঙ্গে কথা বলার সময় অনেকটাই কমে গেছে। এর ফলে মানুষ একা হয়ে যাচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ছে। এমনকী অনেকেই আত্মহত্যার মতো ভয়ংকর পথে হাঁটছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই মন্তব্য করলেন এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) বিচারপতি শেখর যাদব।
বুধবার আত্মহত্যা রোধে সমাজের ভূমিকা নিয়ে একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি (Justice Shekhar Yadav) বলেন, 'বাবা-মায়ের উচিত নয় সন্তানের ওপর চাপ তৈরি করা। সন্তানকে কখনও জোর করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে বলবেন না। ওদের নিজের মতো করে ক্যারিয়ার বেছে নিতে দিন।' তিনি আরও বলেন, 'আপনার সন্তানকে কখনওই অন্যের সঙ্গে তুলনা করবেন না। ঈশ্বরকে ধন্যবাদ দিন যে তিনি আপনাকে সন্তান দিয়েছেন, কারণ অনেকের কোনও সন্তান নেই।'
'সন্তানকে কখনওই দুর্বল বা অন্যের থেকে কম মনে করা উচিত নয়। এতে ওরা মানসিকভাবে ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে।' একথা বলেই বিচারপতি যাদব অভিভাবকদের সতর্ক করে দেন, 'সন্তানের সঙ্গে কথা বলুন। নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হতে দেবেন না।' সন্তানের আচরণে কোনও অস্বাভাবিকতা দেখলে গুরুত্ব দিন, না হলে হয়তো পরে দেখবেন সে আত্মহত্যার মতো সিদ্ধান্ত ফেলেছে।'
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইআইটি-প্রয়াগরাজের অধ্যাপক অনুপম আগরওয়াল। তিনি জানান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের উপর প্রচুর চাপ তৈরি হচ্ছে। এর ফলে আত্মহত্যার ঘটনা বেড়ে যাচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে, মানসিক সমস্যা এবং পারিবারিক ঝামেলার কারণে অনেক শিক্ষার্থী আত্মহত্যা করছে।