Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আর টাকা চেয়ে হাত পাততে হবে না ভিখারিদের, মিজোরামে পাস হল ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ বিল

নতুন এই আইনের হাত ধরে ভিখারিমুক্ত মিজোরামের স্বপ্ন দেখতে শুরু করেছে সরকার। তবে কার্যক্ষেত্রে কতটা সফল হয়, তা বলবে সময়ই।

আর টাকা চেয়ে হাত পাততে হবে না ভিখারিদের, মিজোরামে পাস হল ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ বিল

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 August 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ভিক্ষাবৃত্তি রুখতে তৎপর মিজোরাম সরকার (Mizoram Assembly)। বুধবার বিধানসভায় ‘মিজোরাম প্রহিবিশন অব বেগারি বিল, ২০২৫’ (Mizoram Prohibition of Beggary Bill, 2025) পাস করল লালদুহোমা সরকার। তবে শুধু ভিক্ষাবৃত্তি আটকানোই নয়, ভিখারিদের ফিরিয়ে আনা হবে মূলস্রোতে— এরকম প্রতিশ্রুতিও দিলেন সমাজকল্যাণমন্ত্রী লালরিনপুই (Minister Lalrinpuii)। তাঁর দাবি, এই আইনের লক্ষ্য শাস্তি নয়, বরং সহায়তা ও পুনর্বাসন। অর্থাৎ ভিক্ষুকদের জন্য টেকসই জীবিকার সুযোগ তৈরি করা হবে।

মন্ত্রী বলেন, মিজোরামে ভিক্ষুক সংখ্যা তুলনামূলক কম। এর কারণ রাজ্যের সামাজিক কাঠামো, গির্জার ভূমিকা, এনজিওদের উদ্যোগ এবং সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প। তবে আশঙ্কা, সাইরাং-সিহহমুই রেলপথ চালু হলে বাইরে থেকে ভিক্ষুকদের ভিড় বাড়তে পারে। আগামী ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই রেললাইন উদ্বোধন করবেন। তার আগেই আইনি কাঠামো তৈরি করে রাখার উদ্যোগ নিয়েছে সরকার।

বিলে বলা হয়েছে, রাজ্য স্তরে একটি ‘রিলিফ বোর্ড’ (Relief Board) গঠন করা হবে। বোর্ড ভিক্ষুকদের জন্য অস্থায়ী গ্রহণকেন্দ্র তৈরি করবে। ধরা পড়া ভিক্ষুকদের প্রথমে সেখানে রাখা হবে, পরে ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের নিজ নিজ বাড়ি বা রাজ্যে পাঠানো হবে। সমাজকল্যাণ দফতরের এক সমীক্ষা জানাচ্ছে, আইজল (Aizawl) শহরেই বর্তমানে ৩০ জনের বেশি ভিক্ষুক (Beggar) আছেন, যাঁদের মধ্যে অনেকেই বাইরের।

তবে বিরোধী পক্ষের আপত্তিও উঠেছে। এমএনএফ নেতা লালচন্দমা রালতে (Lalchhandama Ralte) অভিযোগ করেছেন, এই বিল খ্রিস্টান ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী এবং মিজোরামের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাঁর পরামর্শ—ভিক্ষাবৃত্তি বন্ধ করতে চাইলে স্থানীয় সমাজ ও গির্জার অংশগ্রহণ আরও বাড়াতে হবে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লালদুহোমা (Chief Minister Lalduhoma) বলেন, সরকারের উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, বরং গির্জা, এনজিও (NGO) ও সমাজের যৌথ উদ্যোগে ভিক্ষুকদের পুনর্বাসন করা। ১৩ জন বিধায়ক দীর্ঘ আলোচনার পর অবশেষে বিলটি সর্বসম্মতভাবে পাস হয়।

ফলে, নতুন এই আইনের হাত ধরে ভিখারিমুক্ত মিজোরামের স্বপ্ন দেখতে শুরু করেছে সরকার। তবে কার্যক্ষেত্রে কতটা সফল হয়, তা বলবে সময়ই।

বস্তুত, ভিক্ষাবৃত্তি কমাতে ও নিরুৎসাহিত করতে মহারাষ্ট্র সরকার চলতি বছরের এপ্রিলে মন্ত্রিসভায় ঘোষণা করে, সরকারের অধীনে চলা আলমস হাউসগুলিতে থাকা ভিক্ষুকদের দৈনিক ভাতা বাড়ানো হচ্ছে। আগে যেখানে মাসিক ভাতা ছিল মাত্র ৫ টাকা, সেখানে এখন থেকে প্রতিদিন ৪০ টাকা করে দেওয়া হবে।

মহারাষ্ট্রে ভিক্ষাবৃত্তি রোধে ১৯৬৪ সালে প্রোহিবিশন অব বেগিং অ্যাক্ট পাশ হয়েছিল। তার আওতায় মোট ১৪টি আলমস হাউস বা আশ্রয়কেন্দ্র তৈরি হয়, যেখানে এতদিনে ৪,১২৭ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়।


```