মেঘালয়ের পরিবহণ দফতরের কমিশনার ডেভিড ডি সাংমা এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মেঘালয়ে এখনও পর্যন্ত 'রেন্ট এ মোটরসাইকেল' (Rent-a-Motorcycle) বা রেন্ট এ ক্যাব (Rent-a-Cab) স্কিম চালু করেনি।
.jpg.webp)
Raja Raghubanshi
শেষ আপডেট: 17 June 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো: মেঘালয়ে হানিমুনে গিয়ে নৃশংসভাবে খুন হয়েছেন ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী (Raja Raghubanshi Murder Case)। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পরই সতর্ক ওই রাজ্যের সরকার (Meghalaya Bans Renting Private Vehicles For Commercial Use)। পর্যটকদের নিরাপত্তায় জারি করা হল নয়া নির্দেশিকা। এবার থেকে আর কেউ ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া করতে পারবেন না বলে জানানো হয়েছে।
মেঘালয়ের পরিবহণ দফতরের কমিশনার ডেভিড ডি সাংমা এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মেঘালয়ে এখনও পর্যন্ত 'রেন্ট এ মোটরসাইকেল' (Rent-a-Motorcycle) বা রেন্ট এ ক্যাব (Rent-a-Cab) স্কিম চালু করেনি। ফলে কোনও ব্যক্তি বা সংস্থা রাজ্যে ব্যক্তিগত গাড়ি ভাড়া দেওয়ার অনুমতি পায়নি। তবুও যারা এই কাজ করছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পরিবহণ আইনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা এই নিষেধাজ্ঞার ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। যার মধ্যে রয়েছে, ধারা ৬৬ (বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত গাড়ির জন্য বৈধ অনুমতি বাধ্যতামূলক), ধারা ১৯২এ (অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে গাড়ি ব্যবহার করলে কঠিন শাস্তির বিধান), ধারা ২০৭ (নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করলে প্রশাসন গাড়ি বাজেয়াপ্ত করতে পারবে)।
পূর্ব খাসি হিলস জেলার ট্রাফিক পুলিশ সুপার কে প্রসাদ জানান, কমিশনারের নির্দেশ পাওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গাড়িগুলির চেকিং শুরু হয়েছে। শিলং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে যেমন মাওলাই, এমইএস জংশন ও পর্যটন কেন্দ্রগুলিতে ট্রাফিক কর্মীদের মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, 'বৈধ অনুমতি ছাড়া যদি কেউ গাড়ি ভাড়া দেয় বা চালায়, তবে তাঁদের বিরুদ্ধে ১৮২ই এবং ২০৭ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।' এছাড়াও, র্যাপিডোর (Rapido) মতো অ-নিবন্ধিত পরিষেবাগুলিও এই নির্দেশিকার আওতায় আসবে বলে জানানো হয়েছে।
গত মাসে মেঘালয়ে হানিমুনে গিয়েছিলেন রাজা রঘুবংশী (Raja Raghubanshi Murder Case)। ২২ মে তাঁরা শিলংয়ের কেটিং রোড থেকে একটি স্কুটি ভাড়া নেন এবং সেই স্কুটিতে চেরাপুঞ্জি (সোহরা) যান। ২৩ মে তাঁরা যে হোমস্টে-তে ছিলেন, সেখান থেকে বেরিয়ে যান। এরপরই দু'জনেই নিখোঁজ হন। পরে সেই স্কুটি কাছাকাছি একটি গ্রামে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়। খাদ থেকে উদ্ধার হয় রাজার ক্ষতবিক্ষত দেহ।
এই মর্মান্তিক হত্যাকাণ্ডে রাজার স্ত্রী সোনম ও তাঁর প্রেমিক রাজ কুশওয়া-সহ আরও তিন বন্ধু অভিযুক্ত। আগে থেকে ষড়যন্ত্র করেই রাজাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার জেরে সারা দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে।
পর্যটনমন্ত্রী পল লিংদো জানিয়েছেন, এই ঘটনার পর মেঘালয় রেসিডেন্টস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট (MRSSA), ২০১৬-এর পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে মেঘালয় ট্যুরিজম অ্যাপ (Meghalaya Tourism App) ব্যবহারের নির্দেশিকাও জারি করা হয়েছে। বলা হয়েছে, এখন থেকে পর্যটকদের যে কোনও আবাসনে থাকার সময় বাধ্যতামূলকভাবে ওই অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে।