আগে রোগীর শারীরিক অবনতি হলে চিকিৎসকরা 'code blue' দিয়ে সতর্ক করতেন। এবার smart mattress সরাসরি ডাক্তার-নার্সদের মোবাইল, ট্যাব বা কম্পিউটারে রেড অ্যালার্ট পাঠিয়ে দেবে।

চিকিৎসা পরিষেবায় নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে কানপুরের জিএসভিএম মেডিকেল কলেজ
শেষ আপডেট: 28 August 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: রোগ চিহ্নিত করতে, ট্রিটমেন্টের (Treatment procedure) নতুন রাস্তা দেখাতে এআই (AI) ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে বিশ্ব জুড়ে। তবে সেই পথে আরও একটু এগিয়ে চিকিৎসাপদ্ধতি আরও সহজ করতেও ভরসার মাধ্যম হয়ে উঠবে এআই। এমনটাই বলছে কানপুরের জিএসভিএম মেডিকেল কলেজ (Kanpur GSVM Medical College)।
এবার চিকিৎসা পরিষেবায় নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে কানপুরের জিএসভিএম মেডিকেল কলেজ। গুরুতর অসুস্থ রোগীদের জন্য আনা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট ম্যাট্রেস (AI Smart Mattress)। রোগীর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলেই এই বিশেষ ম্যাট্রেস নিজে থেকেই অ্যালার্ম দিয়ে ডাক্তার ও নার্সকে সতর্ক করবে (alert sent to doctor)। ফলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে এবং অনেক প্রাণ বাঁচানো যাবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ১০টি স্মার্ট ম্যাট্রেস বসানো হবে। প্রতিটি মেশিনের দাম প্রায় ৫ লক্ষ টাকা এবং এগুলি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) ফান্ড থেকে আনা হবে। ধীরে ধীরে সংখ্যাটা আরও বাড়ানো হবে।
কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?
আগে রোগীর হঠাৎ শারীরিক অবনতি হলে চিকিৎসকরা “কোড ব্লু” দিয়ে সতর্ক করতেন। কিন্তু এবার স্মার্ট ম্যাট্রেস সরাসরি ডাক্তার-নার্সদের মোবাইল, ট্যাব বা কম্পিউটারে রেড অ্যালার্ট পাঠিয়ে দেবে। যেমন- যদি কারও হার্টবিট হঠাৎ ১৫০ হয়ে যায়, সঙ্গে সঙ্গে স্ক্রিনে বিপিং অ্যালার্ট দেখা যাবে।
জিএসভিএম-এর ভূমিকা
প্রধান অধ্যক্ষ ডাঃ সঞ্জয় কালা জানিয়েছেন, গুরুতর অসুস্থ রোগীদের শারীরিক অবনতি অনেক সময় ধীরে ধীরে ঘটে, তাই তাদের ২৪ ঘণ্টা নজরদারি দরকার। এই প্রযুক্তি ব্যবহারে চিকিৎসা আরও সহজ হবে এবং মৃত্যুহারও অনেকটা কমবে।
জিএসভিএম মেডিকেল কলেজ কানপুরসহ প্রায় ১৮টি জেলার রোগীকে পরিষেবা দেয়। নতুন প্রযুক্তি চালু হলে হাজার হাজার রোগী এর সুবিধা পেতে চলেছে।