ভিডিওটি আসলে ট্রাম্পের এক সাংবাদিক সম্মেলনের অংশ, যেখানে তিনি এফবিআই প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, “মোদী একজন মহান ব্যক্তি। তিনি আমাকে ভালবাসেন।”

ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 13 February 2026 13:41
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) একটি পুরনো ভিডিও ঘিরে কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, তিনি নাকি “মোদীর (Narendra Modi) রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চান না।” এই মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতেই সতর্ক অবস্থান নিল নয়াদিল্লি।
সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) স্পষ্ট জানিয়ে দেন, সংশ্লিষ্ট ভিডিওটি তিনি দেখেননি। তাঁর কথায়, “আমি ভিডিওটি দেখিনি। তবে এমন কোনও ভিডিও থাকলে, তা সত্যি হোক বা মিথ্যে, আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করব।”
ভিডিওটি আসলে ট্রাম্পের এক সাংবাদিক সম্মেলনের অংশ, যেখানে তিনি এফবিআই প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, “মোদী একজন মহান ব্যক্তি। তিনি আমাকে ভালবাসেন।” ‘ভালবাসা’ শব্দের ব্যাখ্যা নিয়ে সতর্কতাও শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, এই শব্দের অন্য অর্থ না টানাই ভাল, কারণ তিনি মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে চান না।
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা ঘুরপাক খেতে শুরু করে। যদিও আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কোনও তড়িঘড়ি প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে, রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও প্রশ্ন ওঠে। জয়সওয়াল জানান, বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা - বিভিন্ন ক্ষেত্রেই মস্কো ও নয়াদিল্লির যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তা ভবিষ্যতেও বাড়বে।
ভারত–আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি (India US Trade Deal) নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। সম্প্রতি হোয়াইট হাউসের তথ্যপত্রে কিছু সংশোধন ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ৭ ফেব্রুয়ারি ২০২৬-এ প্রকাশিত যৌথ বিবৃতিই দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তি। মার্কিন তথ্যপত্রে যে সংশোধন আনা হয়েছে, তা ওই যৌথ বিবৃতিতে থাকা অভিন্ন বোঝাপড়াকেই প্রতিফলিত করছে।
সব মিলিয়ে, ট্রাম্পের মন্তব্য হোক বা বাণিজ্যচুক্তির খসড়া - কূটনৈতিক ভাষায় সংযম বজায় রেখেই পরিস্থিতি সামাল দিচ্ছে দিল্লি।
ক'দিন আগে, জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) ও লাদাখের সমগ্র অঞ্চল, তথা পাক অধিকৃত কাশ্মীর (PoK) এবং আকসাই চিনকে (Aksai China) ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল। বিতর্ক বাড়তেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর (USTR) তাদের এক্স হ্যান্ডেল থেকে সেই পোস্টটি মুছে দেয়। একাংশের মতে, পাকিস্তান ও চিনের সঙ্গে ওয়াশিংটনের টানাপড়েনের প্রেক্ষিতে এটি ভারতের প্রতি একটি সুস্পষ্ট ভূ-কৌশলগত বার্তা হতে পারে। আবার কেউ কেউ একে ‘ভুলবশত’ প্রকাশ বলেও ব্যাখ্যা করেছিলেন।