বাংলাদেশের এই রাজনৈতিক রদবদল এবং নয়াদিল্লির দ্রুত কূটনৈতিক বার্তা - দুই মিলিয়ে উপমহাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

শেষ আপডেট: 13 February 2026 10:42
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের দাবি ঘিরে রাজনৈতিক সমীকরণ যখন দ্রুত বদলাচ্ছে, তখনই ঢাকার উদ্দেশে কূটনৈতিক বার্তা দিল নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শুক্রবার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-র নেতা তারেক রহমান (Tarek Rahman)-কে অভিনন্দন জানিয়ে বলেন, ভারত গণতান্ত্রিক বাংলাদেশের পাশে ভবিষ্যতেও থাকবে (India supports democratic Bangladesh)।
এক্স (সাবেক টুইটার)-এ করা পোস্টে মোদী লেখেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ জয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই জয় বাংলাদেশের মানুষের আপনার নেতৃত্বের উপর আস্থারই প্রমাণ (Modi congratulates Tarek Rahman)।”
তিনি আরও যোগ করেন, “গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত ভবিষ্যতেও দৃঢ়ভাবে থাকবে। আমাদের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য পূরণে একসঙ্গে কাজ করার প্রত্যাশায় রইলাম।”
I convey my warm congratulations to Mr. Tarique Rahman on leading BNP to a decisive victory in the Parliamentary elections in Bangladesh.
This victory shows the trust of the people of Bangladesh in your leadership.
India will continue to stand in support of a democratic,…— Narendra Modi (@narendramodi) February 13, 2026
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) প্রধানমন্ত্রীর এই বার্তাটি এক্স-এ শেয়ারও করেন।
সংখ্যাগরিষ্ঠতার দাবি, চূড়ান্ত ফলের অপেক্ষা
মোদীর বার্তা আসে এমন সময়ে, যখন বিএনপি দাবি করেছে তারা সংসদীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে জয়লাভ করেছে।। সরকার গড়ার জন্য প্রয়োজন ছিল ১৫১ আসনে বিজয়। বিএনপি'র প্রধান প্রতিপক্ষ জামাত (Jamaat) জোট জয়লাভ করেছে ৭০ টি আসনে। অন্যান্যরা জয়ী হয়েছে ছয়টি আসনে।তবে এখনও পর্যন্ত চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
এক্স-এ দেওয়া বিবৃতিতে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ আসন জিতে দলটি পরবর্তী সরকার গঠনের পথে।
অন্তর্বর্তী সরকারের অবসান?
এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৮ মাস আগে গঠিত অন্তর্বর্তী প্রশাসনের স্থলাভিষিক্ত সরকার বেছে নিতে। সেই অন্তর্বর্তী সরকারটির নেতৃত্বে ছিলেন মহম্মদ ইউনুস (Muhammad Yunus)।
২০২৪ সালের অগস্টে আওয়ামী লিগ (Awami League) সরকারের পতনের পর এই অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব নেয়। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-র দল পরবর্তীতে ভেঙে দেওয়া হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে নির্বাসনে রয়েছেন।
লড়াইয়ের সমীকরণ
এই নির্বাচনকে অনেকেই দেখেছেন মূলত বিএনপি এবং তাদের প্রাক্তন মিত্র জামাত (Jamaat-e-Islami)-এর মধ্যে সরাসরি লড়াই হিসেবে। শেখ হাসিনার অনুপস্থিতি নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলেছে।
১৩তম সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৮৪ দফা সংস্কার কর্মসূচি, ‘জুলাই ন্যাশনাল চার্টার’, কার্যকর করার প্রশ্নে ভোট নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৩৫ বছর পর বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান।
১৭ বছরের বেশি সময় স্বেচ্ছানির্বাসনে থাকার পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। জয়ের আবহেও তিনি দলীয় কর্মীদের বিজয় মিছিল এড়িয়ে দেশজুড়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের এই রাজনৈতিক রদবদল এবং নয়াদিল্লির দ্রুত কূটনৈতিক বার্তা - দুই মিলিয়ে উপমহাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।