যে এলাকায় নীল ড্রাম উদ্ধার হয়েছে সেখানে সকাল থেকেই দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই ওই ড্রাম দেখে পুলিশে খবর দেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 27 June 2025 11:33
দ্য ওয়াল ব্যুরো: মীরাট কাণ্ডের ছায়া (Meerut Incident) এবার লুধিয়ানায় (Ludhiana)! নীল রঙের একটি প্লাস্টিকের ড্রামের (Blue Drum) ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের পচাগলা দেহ (Dead Body)। মৃতদেহটি প্ল্যাস্টিকে মোড়া ছিল এবং তার গলা ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল। মনে করা হচ্ছে, খুব ঠান্ডা মাথায় খুন করা হয়েছে ওই যুবককে।
যে এলাকায় নীল ড্রাম উদ্ধার হয়েছে সেখানে সকাল থেকেই দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই ওই ড্রাম দেখে পুলিশে খবর দেন। এরপরই ঘটনাস্থলে গিয়ে ওই ড্রাম থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক পর্যবেক্ষণের পর তাঁদের মত, মৃত ব্যক্তি কোনও পরিযায়ী শ্রমিক (Migrant Worker) হতে পারে।
পুলিশ এও জানিয়েছে, মৃতদেহে স্পষ্ট কোনও আঘাতের চিহ্ন নেই, তবে দেহের অবস্থা এমন যে বিস্তারিত কিছু বলা এখনই সম্ভব নয়। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এদিকে, তদন্তে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। যে ড্রামে দেহটি রাখা হয়েছিল, সেটি একেবারে নতুন বলে মনে হয়েছে পুলিশের। ফলে সন্দেহ দানা বাঁধছে, খুনের আগে পরিকল্পনা করে ড্রামটি কেনা হয়েছিল।
সূত্রের খবর, ইতিমধ্যেই লুধিয়ানার ৪২টি ড্রাম প্রস্তুতকারক সংস্থার তালিকা তৈরি করেছে পুলিশ। সেগুলির সঙ্গে যোগাযোগও করা হচ্ছে। এছাড়া অপরাধস্থলের আশপাশের পাঁচ কিলোমিটার এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। নজর দেওয়া হচ্ছে শহরের রাস্তাঘাট, রেল স্টেশন এবং বাসস্ট্যান্ডের নজরদারি ক্যামেরার দিকেও। পাশাপাশি, কিছু সন্দেহভাজন গাড়ির নম্বর চিহ্নিত করে তাদের গতিপথও ট্র্যাক করছে পুলিশ।
মাত্র কয়েক মাস আগে মীরাটে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে এই রকমই একটি নীল ড্রামে তাঁর দেহ ঢুকিয়ে রেখেছিল মুসকান নামের এক তরুণী। বর্তমানে দুজনেই জেলবন্দি। মীরাটের ওই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছিল দেশে। এখন লুধিয়ানার এই ঘটনার নেপথ্যে কী, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।