আন্ধেরি পশ্চিমের শাস্ত্রী নগরের সুন্দরবন অ্যাপার্টমেন্টে থাকা তিওয়ারির বাড়ি থেকে নগদ প্রায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা উধাও হয়েছে বলে অভিযোগ।

শেষ আপডেট: 20 January 2026 17:12
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সাংসদ (BJP MP) ও অভিনেতা মনোজ তিওয়ারির (Manoj Tiwari) মুম্বইয়ের ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আন্ধেরি পশ্চিমের শাস্ত্রী নগরের সুন্দরবন অ্যাপার্টমেন্টে থাকা তিওয়ারির বাড়ি থেকে নগদ প্রায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা উধাও হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তাঁর প্রাক্তন গৃহকর্মীকেই সন্দেহ করছে পুলিশ। ইতিমধ্যেই ওই কর্মীকে গ্রেফতার (Arrest) করা হয়েছে।
ঘটনার পর মনোজ তিওয়ারির বর্তমান আপ্তসহায়ক প্রমোদ যোগেন্দ্র পাণ্ডে অম্বোলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে, প্রায় দু’বছর আগে কাজ থেকে বরখাস্ত হওয়া পরিচারক সুরেন্দ্র কুমার দীননাথ শর্মাই এই চুরির সঙ্গে জড়িত। জানা গিয়েছে, বাড়ির চাবির নকল বানানোর অভিযোগে তাঁকে তখনই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, বাড়ির ভিতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীদের অনুমান, অনেক দিন ধরেই চুরির পরিকল্পনা করছিলেন সুরেন্দ্র। সেই কারণেই আগেভাগে বাড়ির চাবির ডুপ্লিকেট বানিয়ে রাখেন বলে মনে করা হচ্ছে।
এফআইআর অনুযায়ী, গত বছরের জুন মাসেও বাড়ির একটি ঘর থেকে ৪ লক্ষ ৪০ হাজার টাকা নিখোঁজ হয়। সেই ঘটনার পরই ডিসেম্বরে বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। প্রমোদের অভিযোগ, সম্প্রতি কাজের সূত্রে বাড়ির বাইরে বেরোনোর কিছু ক্ষণের মধ্যেই তাঁর মোবাইলে সিসিটিভি অ্যালার্ট আসে—বাড়িতে অচেনা কারও উপস্থিতির ইঙ্গিত মেলে। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নগদ টাকা হাতিয়ে নিচ্ছেন।
এর পরই বাড়ির নিরাপত্তারক্ষীদের সতর্ক করা হলে তাঁরাই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন বলে জানা গিয়েছে। ওই দিন প্রায় ১ লক্ষ টাকা চুরি হয়েছিল বলেও অভিযোগ। পুলিশি জেরায় সুরেন্দ্র নিজের দোষ স্বীকার করেছেন বলে সূত্রের খবর। তদন্ত চলছে, খতিয়ে দেখা হচ্ছে এর আগে ঘটে যাওয়া টাকার উধাও হওয়ার ঘটনার সঙ্গেও তাঁর যোগ রয়েছে কি না।