হোটেল কর্মী হিসেবে মুম্বইতে কাজ করেন হুসেইন। এই রুটে এর আগেও বহুবার তিনি যাতায়াত করেছেন বলে জানান তাঁর পরিবার।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 2 August 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিগোর (Indigo) এক বিমানে সহযাত্রীর কাছে চড় (Indigo passenger Slapped) খাওয়ার পর থেকে নিখোঁজ (Missing) এক যুবক— এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তাঁর পরিবার। ভাইরাল হওয়া ভিডিও দেখে তাঁকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। নিখোঁজ যুবকের নাম হুসেইন আহমেদ মজুমদার (৩২), তিনি আসামের কাছাড় জেলার বাসিন্দা।
পরিবারের দাবি, বৃহস্পতিবার মুম্বই থেকে শিলচরগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই-২৩৮৭-এ (যার মধ্যে কলকাতা ট্রানজিট) উঠেছিলেন হুসেইন। বিমানে হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, তাঁর প্যানিক অ্যাটাক হয়। এমন অবস্থায় দুই কেবিন ক্রু তাঁকে বিমানের দরজার দিকে নিয়ে যাচ্ছিলেন, তখনই পাশে বসা এক সহযাত্রী হঠাৎ তাঁকে চড় মেরে বসেন। ঘটনার ভিডিও অন্য এক যাত্রী মোবাইলে তুলে নেন।
While on board an Indigo flight,a Muslim man had a panic attack and started crying.
While the cabin crew was helping him ,a chapri from the rotten society slapped him.
This man should be banned from every public transport.
pic.twitter.com/zZPnroGlkC pic.twitter.com/4W5e6uJwxM— D (@Deb_livnletliv) August 1, 2025
ভিডিওতে দেখা যায়, কেবিন ক্রুরা গায়ে হাত দিতে বারবার বারণ করলেও অভিযুক্ত যাত্রী তা অগ্রাহ্য করেন। বিমানের কলকাতা অবতরণের পর সিআইএসএফ ওই অভিযুক্তকে আটক করে। কিন্তু তারপরে হুসেইনের আর কোনও খোঁজ নেই বলে দাবি করেছে তাঁর পরিবার।
হুসেইনের বাবা আবদুল মান্নান মজুমদার জানান, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা শিলচর বিমানবন্দরে তাঁকে নিতে গিয়েছিলেন। কিন্তু তিনি আসেননি। পরে ভাইরাল ভিডিও দেখে তাঁরা বুঝতে পারেন, ভিডিওতে যে যুবককে চড় মারা হচ্ছে, সে-ই তাঁদের ছেলে। এরপর ফোনে যোগাযোগের চেষ্টা করলেও হুসেইনের মোবাইল বন্ধ পাওয়া যায়।
হোটেল কর্মী হিসেবে মুম্বইতে কাজ করেন হুসেইন। এই রুটে এর আগেও বহুবার তিনি যাতায়াত করেছেন বলে জানান তাঁর পরিবার।
ইন্ডিগো সূত্রে জানানো হয়েছে, বিমানে সহযাত্রীর চড় মারার ঘটনায় অভিযুক্ত যাত্রীকে কলকাতায় নামার পর সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে বিমান সংস্থা নিখোঁজ যাত্রীর বিষয়ে কোনও মন্তব্য করেনি। হুসেইনের খোঁজে কাছাড় জেলার উদারবন্দ থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে থাকা সিআইএসএফ-কে বিষয়টি জানানো হয়েছে বলেও জানিয়েছে পরিবার।