একই ব্যক্তিকে ঘিরে আরও একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি রেললাইনের উপর দিয়ে চলন্ত ট্রেনের পাশে দৌড়াচ্ছেন। কখনও লাইনের উপর পুশ-আপ করছেন, আবার কখনও লম্ফঝম্প করছেন।

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 20 December 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত জাতীয় সড়কের উপর রেলব্রিজে ঝুলে চিন-আপ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুরে এক যুবকের বিপজ্জনক কসরতের ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, কালো ভেস্ট ও গাঢ় রঙের ট্রাউজার পরা এক যুবক দিল্লি-লখনউ জাতীয় সড়কের হাপুর অংশে একটি রেলব্রিজ থেকে ঝুলে পড়ে চিন-আপ করছেন। নীচে তখন হু হু করে চলছে গাড়ি। উচ্চতা ও ট্র্যাফিকের তোয়াক্কা না করেই তিনি একের পর এক চিন-আপ করেন, যা যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনার কারণ হতে পারত (Viral Video)।
চিন-আপ এমন একটি শরীরচর্চার ব্যায়াম, যেখানে মাথার উপরে থাকা বার ধরে শরীর তুলে চিবুক বারটির উপর নিয়ে যেতে হয়। কিন্তু সেই ব্যায়াম যদি ব্যস্ত জাতীয় সড়কের উপর ঝুলে করা হয়, তা যে কতটা বিপজ্জনক হতে পারে, সেই প্রশ্নই উঠছে।

এতেই শেষ নয়। একই ব্যক্তিকে ঘিরে আরও একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি রেললাইনের উপর দিয়ে চলন্ত ট্রেনের পাশে দৌড়াচ্ছেন। কখনও লাইনের উপর পুশ-আপ করছেন, আবার কখনও লম্ফঝম্প করছেন। এই ভিডিওগুলিও উত্তরপ্রদেশের পিলখুয়া থানার এলাকার বলেই জানা যাচ্ছে।

উল্লেখযোগ্য ভাবে, হাপুরে এর আগেও এমন ঝুঁকিপূর্ণ কাণ্ড সামনে এসেছিল। কয়েক মাস আগে জাতীয় সড়ক ৯-এ একটি চলন্ত এসইউভিতে বিপজ্জনক স্টান্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সেই ভিডিওয় দেখা গিয়েছিল, স্করপিও গাড়ি চালাতে চালাতেই দরজা খুলে বনেটের উপর উঠে দাঁড়াচ্ছেন তিনি। কখনও স্টিয়ারিং ছেড়ে বনেটে বসে পড়া, কখনও আবার গাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে পড়ার দৃশ্যও ধরা পড়েছিল ক্যামেরায়।
পরপর এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। সোশ্যাল মিডিয়ায় নজর কাড়তে গিয়ে জীবনের ঝুঁকি নেওয়ার এই প্রবণতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষও।