স্কুল ফাংশনে সামোসা খেতে দেখা গেল করিনা কাপুরকে। ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে চর্চায় কলকাতার সিঙাড়া বনাম মুম্বইয়ের সামোসা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 19 December 2025 10:30
দ্য ওয়াল ব্যুরো: ডায়েট, ফিটনেস আর স্টাইল—এই তিন শব্দ যেন করিনা কাপুর খানের (Kareena Kapoor) নামের সঙ্গে চিরকাল জড়িয়ে। কিন্তু সেই করিনাই সম্প্রতি ধরা পড়লেন একেবারে অন্য মেজাজে। ছেলে তৈমুরের স্কুলের অ্যানুয়াল ডে অনুষ্ঠানে বসে জমিয়ে সামোসা (Samosa) খাচ্ছেন বেবো— সেই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, স্কুলের অনুষ্ঠানের মাঝেই সামোসায় কামড় বসিয়েছেন করিনা। তাঁর থেকে সামান্য দূরে বসে ছিলেন দিদি করিশ্মা কাপুরও। ছিলেন করণ জোহর। সম্ভবত করণই মোবাইলে ভিডিওটি তুলে ফেলেন। সেই সময় করণকে বলতে শোনা যায়, “দিস ইজ হোয়াট করিনা কাপুর ইজ ডুইং অ্যাট দি স্কুল প্লে—ইটিং আ সামোসা”। ঠাট্টা করে করণ আরও বলেন,“ফর অল দোজ পিপল হু ইজ থিঙ্কিং সি ইজ ইন ডায়েট—দিস ইজ হোয়াট সি ইজ ইটিং। আই অ্যাম প্রাউড অফ ইউ বেবো ইউ আর এ বার্বি ডল, আই লাভ ইট”।
মানে “দেখো স্কুলের নাটকের দিন করিনা কাপুর কী করছেন? সামোসা খাচ্ছেন। যাঁরা ভাবেন করিনা ডায়েটে রয়েছেন, তাঁরা দেখুন করিনা কী খাচ্ছেন। তোমার জন্য আমি গর্বিত করিনা, তুমি একটা বার্বি ডল।”
এই ভিডিও সামনে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে হাসি-মজা। অনেকে বলছেন, তারকাদেরও যে সাধারণ খাবারের প্রতি টান থাকে, তারই প্রমাণ এই মুহূর্ত। আবার অনেকেই এই সুযোগে তুলনা টানছেন—করিনার হাতে ধরা মুম্বইয়ের সামোসা আর কলকাতার সিঙাড়ার মধ্যে আসলে কতটা তফাত?
সিঙাড়া বনাম সামোসা (Kolkata Singara Vs Samosa)
খাবারের দুনিয়ায় কলকাতার সিঙাড়া আর মুম্বইয়ের সামোসা একেবারে আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছে। কলকাতায় যাকে সিঙাড়া বলা হয়, তা আকারে তুলনামূলক ছোট এবং তীক্ষ্ণ কোণওয়ালা ত্রিভুজ আকৃতির। এর খোসা পাতলা, ঝুরঝুরে ও হালকা। ভেতরের পুরে থাকে ছোট ছোট কিউব করে কাটা আলু, সঙ্গে কখনও ফুলকপি, মটরশুঁটি বা ভাজা চিনাবাদাম। অনেক সময় স্বাদে হালকা মিষ্টি ভাব বা সামান্য টকও পাওয়া যায়। মশলার ব্যবহার তুলনামূলক কম, কোথাও কোথাও পাঁচফোড়নের গন্ধ বা সর্ষের তেলে ভাজার ছোঁয়াও থাকে।
মুম্বইয়ের সামোসা আকারে বেশ বড় এবং তুলনামূলক মোটা খোসার হয়। ভেতরের পুর সাধারণত ম্যাশ করা আলু দিয়ে তৈরি, যার মধ্যে সর্ষের ফোড়ন, কারি পাতা, কাঁচালঙ্কা ও চিনাবাদাম দেওয়া হয়। স্বাদে ঝাঁঝ বেশি, মশলার উপস্থিতিও চোখে পড়ার মতো। অনেক দোকানে এটি ভাজা হয় বনস্পতি বা অন্য তেলে, যাতে সামোসা আরও ভারী ও মজবুত থাকে।
করিনার সামোসা খাওয়ার ভাইরাল মুহূর্ত তাই শুধু তারকাখবরেই সীমাবদ্ধ নেই। সেই সঙ্গে আবার নতুন করে আলোচনায় ফিরেছে দুই শহরের দুই জনপ্রিয় জলখাবার—কলকাতার সিঙাড়া আর মুম্বইয়ের সামোসা। একদিকে সূক্ষ্ম স্বাদের বাঙালি সিঙাড়া, অন্যদিকে ঝাল-মশলাদার মুম্বই সামোসা—দুটিরই নিজস্ব ভক্তকুল রয়েছে। আর করিনা কাপুরের একটি কামড় যেন সেই চিরন্তন তুলনাকে আরও একবার সামনে এনে দিল।