রাজ্যজুড়ে এসআইআর (SIR) নিয়ে তোলপাড়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, তিনি নিজে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়ে এসআইআর-এর বিরুদ্ধে সওয়াল করবেন।

সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী
শেষ আপডেট: 4 February 2026 13:22
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঠিক সকাল ৯.৫৫ নাগাদ দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বেরোন তিনি। কিছুক্ষণের মধ্যেই তাঁর মামলার শুনানি শুরু হবে। অনুমতি পেলে এসআইআর নিয়ে নিজেও সওয়াল করবেন মামলাকারী মুখ্যমন্ত্রী। আর তা হলে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকবে গোটা দেশ।
রাজ্যজুড়ে এসআইআর (SIR) নিয়ে তোলপাড়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, তিনি নিজে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়ে এসআইআর-এর বিরুদ্ধে সওয়াল করবেন। আজ, প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে রাজ্যের এসআইআর মামলার শুনানি (SIR Hearing) রয়েছে।
এসআইআর শুনানির সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে আইনজীবীদের মতোই কালো রোব পরে হাজির হয়ে যেতে পারেন সেই সম্ভাবনার কথা সবার আগে লিখেছিল দ্য ওয়াল (The Wall)। শেষমেশ কি তবে সেটাই হতে চলেছে?
এসআইআর (SIR) নিয়ে প্রথম থেকেই সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। মুখ্যমন্ত্রী নিজেও একাধিকবার নির্বাচন কমিশন (ECI) এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এমাসের শুরুতেই 'এসআইআর ক্ষতিগ্রস্ত'দের নিয়ে এসেছেন দিল্লি সফরে।
এসআইআর (SIR) নিয়ে জ্ঞানেশ কুমারকে একাধিকবার চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু অভিযোগ, একটি চিঠিরও জবাব পাননি। এরমধ্যেই ২ তারিখ তাঁর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলায় এসআইআর ক্ষতিগ্রস্তরাও।
অল্প সময়ের মধ্যেই বৈঠক 'বয়কট' করে বেরিয়ে আসেন তাঁরা। মুখ্যমন্ত্রী জানান, কোনও সদুত্তর মেলেনি এমনকি তাঁদের অপমান করা হয়েছে বলেও অভিযোগ।
এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন মুখ্যমন্ত্রী। এসআইআর মামলা (SIR case in Supreme Court) নিয়ে যে তৃণমূল দিল্লি যাবে, তা সবার প্রথমে ‘দ্য ওয়াল’ই মাস তিনেক আগে থেকে লিখছিল। তবে সুপ্রিম কোর্টে উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে সওয়াল করতে ওঠেন তাহলে তা দেশের ইতিহাসে 'নজিরবিহীন' উদাহরণ হয়ে থাকবে। মুখ্যমন্ত্রীর নামে শীর্ষ আদালতের তরফে একটি 'গেট পাস' ইস্যু করা হয়। সেই ছাড়পত্র মেলায় এদিন মুখ্যমন্ত্রীর গাড়ি সোজা সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকে যায়। গাড়ি থেকে নেমে সোজা লিফটে করে শুনানি কক্ষে চলে যান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর আগেই এসআইআর সংক্রান্ত অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূলের দুই সাংসদ। এদিন সেই মামলার শুনানিও হতে পারে।
এদিকে শুনানির ১২ ঘণ্টা আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে তৃণমূল (TMC)। দলের প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (TMC social media handles) থেকে একটি গ্রাফিক্স ইমেজ (graphics image) পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কালো রোব পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি বেড়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীচে লেখা, ‘সুপ্রিম কোর্টে এসআইআর-কে চ্যালেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়’।