এখন প্রশ্ন হল, মমতা নিজেই কি কালো রোব পরে সেখানে সওয়াল করতে পারবেন? আইনের ডিগ্রি থাকলেই তা করা সম্ভব?

শেষ আপডেট: 4 February 2026 00:58
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এসআইআর (SIR) মামলার শুনানি রয়েছে। ওই শুনানির সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে আইনজীবীদের মতই কালো রোব পরে হাজির হয়ে যেতে পারেন সেই সম্ভাবনার কথা সবার আগে লিখেছিল দ্য ওয়াল (The Wall)। শেষমেশ সেটাই হবে কিনা সে মুহূর্ত ষোলো আনা নিশ্চিত করে হয়তো কারও পক্ষেই বলা সম্ভব নয়। বিশেষ করে ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হ্যাঁ, বুধবার শুনানির ১২ ঘণ্টা আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিল তৃণমূল (TMC)। দলের প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (TMC social media handles) থেকে একটি গ্রাফিক্স ইমেজ (graphics image) পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কালো রোব পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি বেড়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীচে লেখা, ‘সুপ্রিম কোর্টে এসআইআর-কে চ্যালেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়’।
বিধানসভা ভোটের (West Bengal Assembly elcetion 2026) আগে গোটা এই ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে কী বার্তা দিতে চাইছেন তার উদ্দেশ্য ও বিধেয় অনেকের কাছেই স্পষ্ট। তৃণমূল দেখাতে চাইছে, এসআইআর মাধ্যমে বাংলার বিপুল মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একটা বড় আঘাত হানতে চাইছে দিল্লি। এই ষড়যন্ত্রে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনও সামিল। এবং এই ঘোর সংকটে বাংলার মানুষ যখন বিপন্ন তখন তিনি অভিভাবক ও ত্রাতা হয়ে দিল্লিতে গিয়ে লড়াই করছেন।
রাজনীতিতে নাটকীয়তা বহুদিন ধরেই রয়েছে। সুপ্রিম কোর্টে কালো গাউন পরে সওয়াল করতে যাওয়ার নেপথ্যেও সেই নাটকীয়তা রয়েছে। যাতে বাংলার প্রত্যন্ত গ্রামে পর্যন্ত এই ছবি পৌঁছে দেওয়া যায় যে তাঁদের জন্য সর্বোচ্চ আদালতে আইনি লড়াই লড়ছেন দিদি।
এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন এরই মধ্যে পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হল, মমতা নিজেই কি কালো রোব পরে সেখানে সওয়াল পারবেন? আইনের ডিগ্রি থাকলেই তা করা সম্ভব?
সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী তা তিনি করতে পারেন না। সে জন্যে বারের সদস্য হতে হবে। কিন্তু কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গে তিনি যদি কালো রোব পরে আদালতের বাইরে অবধিও যান, তাহলেও যে ছবি সামনে আসবে, সেটাই জনমানসে অপটিক্স তৈরির জন্য যথেষ্ট। এবং এর পিছনে আইপ্যাকের একটা পরিকল্পনা আছে বলেও আলোচনা চলছে নানা মহলে।
সূত্রের খবর, বুধবার শুনানিতে উপস্থিত থাকার জন্য আদালতের অনুমতি চেয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার তিনি আদালত কক্ষে দাঁড়িয়ে মহামান্য দুই বিচারপতির অনুমতি নিয়ে তাঁর বক্তব্য রাখার চেষ্টা করেন কিনা। তৃণমূলের অনেকের মতে, দিদির জন্য অসাধ্য কিছু নেই। দিদি সব পারেন।