কো-এডুকেশনে শুধু লিঙ্গ সমতাই নয়, পারস্পরিক সম্মান ও যোগাযোগের মাধ্যমে সামাজিক শিক্ষাকেও জোরদার করা যাবে বলে মনে করছে মহারাষ্ট্র সরকার।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 October 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে শিক্ষাক্ষেত্রে এল বড় পরিবর্তন। এখন থেকে একই স্কুলে পড়াশোনা করবে ছেলে ও মেয়েরা। এক্ষেত্রে ছেলে-মেয়েদের জন্য তৈরি আলাদা আলাদা স্কুলগুলি একত্রিত করে সহশিক্ষার প্রতিষ্ঠা করা হবে। এই সিদ্ধান্ত রাজ্যে লিঙ্গ সমতার দিকে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
স্কুল শিক্ষা ও ক্রীড়া দফতর এই নির্দেশ দিল বুধবার। পদক্ষেপটি করা হয়েছে বম্বে হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে। পিটিশন নম্বর ৩৭৭৩/২০০০-এ আদালত স্পষ্ট করে দেয়, 'আর আলাদা করে মেয়েদের স্কুল চালানো যাবে না।' রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, এই নীতির লক্ষ্য হল স্কুলে লিঙ্গ বিভাজন দূর করা এবং ছাত্রছাত্রীদের এমন পরিবেশে বড় হওয়া নিশ্চিত করা, যা বাস্তব জগতের বৈচিত্র্যকে প্রতিফলিত করে।
সরকারি বিবৃতিতে এদিন বলা হয়েছে, 'কো-এডুকেশন শিক্ষার্থীদের শিক্ষা ও কার্যকলাপে অংশগ্রহণ বাড়ায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং ছোটবেলা থেকেই লিঙ্গ বৈষম্য রোধ করার জন্য এই পদক্ষেপ। ছেলেমেয়েরা একসঙ্গে পড়লে তাদের ব্যক্তিত্ব গড়ে উঠবে ভারসাম্যপূর্ণভাবে।'
কো-এডুকেশনে শুধু লিঙ্গ সমতাই নয়, পারস্পরিক সম্মান ও যোগাযোগের মাধ্যমে সামাজিক শিক্ষাকেও জোরদার করা যাবে বলে মনে করছে মহারাষ্ট্র সরকার। এটি ছাত্রছাত্রীদের স্কুলের পরের জীবনের জন্য প্রস্তুত করবে, যেখানে সহযোগিতা ও অন্তর্ভুক্তি ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগবে।
তথ্য বলছে, ২০২৪-২৫ মহারাষ্ট্রের ১.০৮ লাখ স্কুলের মধ্যে ১.৫৪ শতাংশ শুধুমাত্র মেয়েদের জন্য এবং ০.৭৪ শতাংশ শুধুমাত্র ছেলেদের জন্য। বাকি সব স্কুলই কো-এডুকেশন চালু করেছে। তাই এই নির্দেশ তুলনামূলক কম স্কুলকে প্রভাবিত করলেও তা গুরুত্বপূর্ণ।
শিক্ষা কমিশনারের তত্ত্বাবধানে একই প্রাঙ্গণে চলা স্কুলগুলির তাৎক্ষণিক একীভূতকরণ হবে। যেসব স্কুল আলাদা হয়ে চলছে, তারা যদি যৌথ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার প্রস্তাব দেন, তাহলে কমিশনার অনুমোদন করবেন।