ভিডিওটি প্রকাশ্যে এনেছেন শিব সেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।

সঞ্জয় শিরসাট (ভাইরাল ভিডিও থেকে পাওয়া ছবি)
শেষ আপডেট: 11 July 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: আবারও বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের সমাজকল্যাণ দফতরের মন্ত্রী সঞ্জয় শিরসাট। এক ভাইরাল হওয়া ভিডিও ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। অন্তর্বাস পরে ঘরে বসে ধূমপান করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর পাশেই একটি বড় ব্যাগ, তাতে নগদ টাকা রয়েছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে। এই ভিডিও সামনে আসার ঠিক আগেই তিনি আয়কর দফতর থেকে একটি নোটিস পান সম্পত্তির হঠাৎ বৃদ্ধি নিয়ে।
ভিডিওটি প্রকাশ্যে এনেছেন শিব সেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। তিনি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'দেবেন্দ্র ফড়নবিশের জন্য খুব খারাপ লাগছে। আর কত বার চুপ করে বসে দেখবেন নিজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে? অসহায়তার আরেক নাম ফড়নবিশ!'
সঞ্জয় শিরসাট অবশ্য পাল্টা দাবি করেছেন, তাঁর পাশের ব্যাগে টাকা নয়, জামাকাপড় ছিল। তিনি বলেন, 'কেউ একজন আমার নামে আয়কর দফতরে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে আমি নোটিস পেয়েছি। কিছু ভুল করিনি। সময় চেয়ে নিয়েছি, সমস্ত তথ্য দিয়ে উত্তর দেব।'
তবে শিব সেনা (ইউবিটি)-র আরেক নেতা আদিত্য ঠাকরে আরও এক ধাপ এগিয়ে বলেন, 'এটা শুধু সঞ্জয় শিরসাটের ব্যাপার নয়। এখানে তো অন্তর্বাস পরে বসে আছেন মন্ত্রী, পাশে নগদ টাকার ব্যাগ। এরা তো বলেই, '৫০ খোকে একদম ওকে!' এই টাকা কোথা থেকে এল? কে দিল? আর যে ভিডিও-র আগেই আয়কর নোটিস এসেছে, সেই দফতর কি তদন্ত করবে? মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছু হবে কি এক্ষেত্রে?'
শিরসাট প্রথমে দাবি করেন, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে তথা সাংসদ শ্রীকান্ত শিন্ডেও নাকি একই ধরনের নোটিস পেয়েছেন। পরে অবশ্য এই মন্তব্য থেকে সরে এসে জানান, তিনি এমন বলতে চাননি। তাঁর কাছে শ্রীকান্তকে নিয়ে কোনও তথ্য নেই।
অন্যদিকে, একটি পুরনো ভিডিওতে শিরসাটকে একটি অনুষ্ঠানে বলতে শোনা যায়, 'এখন আর কালো টাকা কোনও কাজে লাগে না। আমি নিজে বলছি।' ওই ভিডিওতেও তিনি কৌতুকের ঢঙে বলেন, 'টাকা রোজগার করা সহজ, কিন্তু খরচ করা কঠিন হয়ে গিয়েছে।' হাসিতে ফেটে পড়েন দর্শকরা। পরে অবশ্য শিরসাট এর প্রেক্ষিতে যুক্তি দেন, তিনি মজার ছলে বলেছিলেন। সেটা নিয়ে এত ভাবার কিছু নেই।
স্যুটকেসের তদন্তে নেমেছে আয়কর দফতর। এই ভিডিও এবং টাকার গুজব ঘিরে শাসকদলের অস্বস্তি এখন তুঙ্গে।