রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনার মধ্যে রয়েছে জোটের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই ও আস্থার ঘাটতির ইঙ্গিত।

শেষ আপডেট: 9 July 2025 20:32
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়া জোটের (INDIA) ডাকে ‘বিহার বনধ’-এর দিনে প্রকাশ্যে এল এমন এক দৃশ্য, যা রীতিমতো কংগ্রেসের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাহুল গান্ধী, তেজস্বী যাদব, দীপঙ্কর ভট্টাচার্য ও অন্যান্য জোট নেতাদের সঙ্গে একটি খোলা ভ্যানে উঠতে চেয়েছিলেন কানহাইয়া কুমার ও পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাঁদের বাধা দেন। এবং সেই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল ভিডিওতে কী দেখা যাচ্ছে?
ভিডিওতে দেখা যায়, পাপ্পু যাদব প্রথমে ভ্যানে ওঠার চেষ্টা করেন। এক ব্যক্তি তাঁকে সাহায্য করছিলেন, কিন্তু নিরাপত্তাকর্মীরা তাঁকে থামিয়ে দেন। তারপর যখন কানহাইয়া কুমার ভ্যানে ওঠার জন্য এগোন, তাঁকেও স্পষ্টভাবে থামিয়ে দেওয়া হয়।
অন্য নেতারা, যাঁদের মধ্যে ছিলেন তেজস্বী যাদব, দীপঙ্কর ভট্টাচার্য, মুকেশ সাহানি - তাঁরা এরপর ভ্যানে উঠে আসেন।
Oh, poor Pappu Yadav! The VIP treatment he got from Rahul Gandhi's security must have been quite the "honor." 🙁 Imagine, the man who once ran a parallel government now can't even secure a spot on a protest vehicle. What a fall from grace!👌 It's almost poetic how the same… pic.twitter.com/ZJzkwFplE5
— Sachin Singh (@sachin_173) July 9, 2025
ঘটনাটি ঠিক কেন ঘটেছে, তার নির্দিষ্ট ব্যাখ্যা মেলেনি। তবে এনডিএ-শাসিত জেডিইউ সরকার এরই মধ্যে কটাক্ষ করে বলেছে, “এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কংগ্রেসের কাছে কানহাইয়া কুমার বা পাপ্পু যাদবের মতো নেতাদের জায়গা নেই।”
প্রসঙ্গত, ‘বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া’-র বিরোধিতায় পাটনায় ইনকাম ট্যাক্স মোড় থেকে নির্বাচন কমিশন অফিস পর্যন্ত মিছিল করেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। প্রথমে তাঁরা পদযাত্রা শুরু করেন, কিন্তু ভিড় বাড়তে থাকায় খোলা ভ্যানে করে মিছিল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনার মধ্যে রয়েছে জোটের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই ও আস্থার ঘাটতির ইঙ্গিত। বিশেষত, পাপ্পু যাদব যিনি কংগ্রেসে যোগ দিয়েও আসন না পেয়ে পরে স্বতন্ত্র লড়ে জেতেন, এবং কানহাইয়া কুমার যিনি বিহার থেকেই উঠে আসা এক জাতীয় মুখ, তাঁদের এভাবে সরিয়ে রাখার ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তো বটেই।
কানহাইয়া কুমার বিগত লোকসভা নির্বাচনে নর্থ ইস্ট দিল্লি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন, কিন্তু হারেন বিজেপির মনোজ তিওয়ারির কাছে। পাপ্পু যাদব নিজের জন অধিকার পার্টিকে কংগ্রেসে বিলীন করলেও, পূর্ণিয়া আসন আরজেডির জন্য ছেড়ে দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে জেতেন।
যদিও কংগ্রেসের তরফে কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি, কিন্তু এই ঘটনাটি জোটের বার্তা ও সমন্বয়ের প্রশ্নে বড়সড় অস্বস্তি তৈরি করেছে। নেতৃত্ব কার হাতে, এবং গুরুত্ব কে পাচ্ছেন, এই প্রশ্নের উত্তর খুঁজছে বিহার-সহ দেশের রাজনৈতিক মহল।