সোমবার হঠাৎ দিলীপের বাড়ি থেকে প্রচুর চিৎকারের শব্দ আসে। তারপর কিছু জিনিস ভাঙচুরের আওয়াজও হয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 June 2025 19:56
দ্য ওয়াল ব্যুরো: মদের (Alcohol) নেশা সর্বনাশা! অক্ষরে অক্ষরে এই শব্দবন্ধগুলি সত্যি প্রমাণ হয়ে গেল মহারাষ্ট্রের (Maharastra) এই ঘটনায়। এক প্রৌঢ় খুন করে ফেললেন ছেলেকেই! কারণ - নিজের জন্য নিয়ে আসা দামি মদ খেয়ে ফেলেছিল সে। ইতিমধ্যে ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ।
মৃতের নাম দিলীপ ধ্রব। পুলিশ সূত্রে খবর, তাঁর বাবা ৬৫ বছরের হীরামান নিজের জন্য দামি একটি মদের বোতল নিয়ে এসেছিলেন। ভেবেছিলেন, সময় মতো আয়েস করে সেটি খাবেন। কিন্তু সেই 'স্বপ্ন' পূরণ হয়নি। দিলীপ বাবার আনা মদ খেয়ে ফেলেছিলেন। বোতলে এক ফোঁটাও তরল পদার্থ রাখেননি। এতেই বাড়িতে 'কুরুক্ষেত্র' শুরু হয়েছিল।
প্রতিবেশীরা জানিয়েছেন, গত সোমবার হঠাৎ দিলীপের বাড়ি থেকে প্রচুর চিৎকারের শব্দ আসে। তারপর কিছু জিনিস ভাঙচুরের আওয়াজও হয়। কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে যায়। পরে জানা যায়, দিলীপের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল তাঁর দেহ। মাথায় ভারী জিনিস দিয়ে পরপর আঘাতের ফলে মৃত্যু হয়েছে দিলীপের।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, নিজের আনা মদ পুরো খেয়ে নেওয়ার জন্য ছেলের ওপর প্রচণ্ডে রেগে গেছিলেন হীরামান। দুজনের মধ্যে ব্যাপক তর্ক শুরু হয়। তারপরই ছেলেকে কাঠের লাঠি দিয়ে মারতে শুরু করেন তিনি। মাথায় গুরুতর চোট পাওয়ার জন্যই মৃত্যুর কোলে ঢোলে পড়েন দিলীপ।
অভিযুক্তর স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতেই হীরামানকে গ্রেফতার করে পুলিশ। তবে জানা গেছে, এই ধরনের ঝামেলা তাঁদের বাড়িতে আগেও হত। আসলে দিলীপ বেকার এবং মদের নেশায় আসক্ত ছিলেন। সেই নিয়ে বিরক্ত ছিলেন বাবা-মা। তবে এমন ঘটনা ঘটে যাবে কেউ ভাবেননি।