মৃতার পরিবারের অভিযোগ, গত সোমবার বাড়ি থেকে বেরিয়েছিলেন লক্ষিতা। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরে পরিবারের তরফে মিসিং ডায়রি করা হয়।

নীল ড্রামে উদ্ধার মহিলার পচাগলা দেহ
শেষ আপডেট: 3 October 2025 20:11
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে দুটি নৃশংস হত্যাকাণ্ড- যেখানে ব্যবহার হয়েছিল নীল ড্রামের। এবার মধ্যপ্রদেশে একই ধরনের একটি ঘটনা সামনে এল। এক তরুণীর হাত-পা বাঁধা পচাগলা দেহ উদ্ধার হল সেই নীল ড্রাম থেকে। পরনে ছিল গরবার পোশাক। ইতিমধ্যেই খুনের অভিযোগে তরুণীর বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম লক্ষিতা চৌধুরী (২২)। দেওয়াস জেলার বাসিন্দা ছিলেন। অভিযুক্ত মোনু (৩৫) নিজে থেকেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন। তিনি স্বীকার করেন, বৈশালী অ্যাভিনিউ কলোনির তরুণীকে হাত পা বাঁধা অবস্থায় নীল ড্রামে ডুবিয়ে খুন করেছেন।
মৃতার পরিবারের অভিযোগ, গত সোমবার বাড়ি থেকে বেরিয়েছিলেন লক্ষিতা। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরে পরিবারের তরফে মিসিং ডায়রি করা হয়।
বৈশালী অ্যাভিনিউ কলোনিতে মোনুর বাড়ি থেকে দুর্গন্ধ আসতে শুরু করলে প্রতিবেশীদেরও সন্দেহ হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীল ড্রাম থেকে তরুণীর চাদরে মোড়ানো দেহ উদ্ধার করে।
পুলিশি জেরায় মোনু স্বীকার করেন, তিনি লক্ষিতাকে ভালবাসতেন কিন্তু সে অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই রাগ থেকেই এই খুন করেছেন। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ।