গঙ্গাধর বিবাহিত ছিলেন। তাঁকে খুনের পর গ্যাংয়ের দলের এক মহিলা নিহত যুবকের স্ত্রী পরিচয় দিয়ে বিমার কাগজ জমা দেওয়ার চেষ্টা করেন।

কর্নাটকে যুবক খুন!
শেষ আপডেট: 3 October 2025 20:06
দ্য ওয়াল ব্যুরো: জীবন বিমার ৫.২ কোটি টাকা হাতানোর উদ্দেশে এক ব্যক্তিকে খুনের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল কর্নাটক পুলিশ। মৃত ব্যক্তি আংশিক পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। গোটা ঘটনাটিকে দুর্ঘটনার মতোই সাজিয়েছিলেন অভিযুক্তরা। তবুও পুলিশের হাত থেকে রক্ষা হল না।
পুলিশ জানায়, কর্নাটকের কাউলপেটের বাসিন্দা ছিলেন গঙ্গাধর (৩৪)। তাঁর নামে ৫.২ কোটি টাকার জীবন বিমা ছিল। অভিযুক্তরা এই বিষয়ে জানার পরই টাকা হাতানোর উপায় খুঁজতে শুরু করে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, গঙ্গাধরকে শহরের বাইরে নিয়ে গিয়ে প্রথমে খুন করা হয়। এরপর মৃতদেহটি বাইকে রেখে এমনভাবে ধাক্কা দেওয়া হয়, যাতে খুনের ঘটনাটিকে দুর্ঘটনা মনে হয়।
গঙ্গাধর বিবাহিত ছিলেন। তাঁকে খুনের পর গ্যাংয়ের এক মহিলা নিহত যুবকের স্ত্রী পরিচয় দিয়ে বিমার কাগজ জমা দেওয়ার চেষ্টা করেন।
বিজয়নগর জেলার সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ জানান, '২৮ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমাদের কাছে একটি হিট-অ্যান্ড-রান ঘটনার রিপোর্ট আসে এবং বলা হয় সানডুর রোডে একটি মৃতদেহ পড়ে আছে। আমরা ঘটনাস্থলে গিয়ে সমস্ত প্রক্রিয়া মেনে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠাই। পরে যখন মৃতদেহের পরিচয় নিশ্চিত হয়, তখন হোস্পেটের কাউলপেটের বাসিন্দা ওই ব্যক্তির স্ত্রী শারাদাম্মাকে থানায় ডেকে আনা হয়। এরপর তিনি অভিযোগ দায়ের করেন।'
অফিসার আরও জানান, 'স্ত্রীর দাবি অনুযায়ী তাঁর ও গঙ্গাধরের বিয়ে হয়েছিল ছয় বছর আগে। তিন বছর আগে গঙ্গাধরের স্ট্রোক হয়, যার ফলে তাঁর বা দিকের শরীর আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। গঙ্গাধরের নিজের কোনও দু'চাকার গাড়িই ছিল না, যা হিট-অ্যান্ড-রান কেসটিকে সন্দেহজনক করে তুলেছিল।'
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তারা এই চক্রকে ধরে ফেলে এবং ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন হুলিগেম্মা, যিনি নিহত ব্যক্তির স্ত্রী হওয়ার ভান করেছিলেন। অপরাধে ব্যবহৃত গাড়ি ও বাইকও জব্দ করা হয়েছে।