ঘটনার গুরুত্ব বুঝে এলাকায় পৌঁছন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী অর্চনা চিটনিস। তিনি নিহতের পরিবারকে সান্ত্বনা জানান এবং দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রইস ও ভাগ্যশ্রী
শেষ আপডেট: 4 August 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: ধর্মান্তরে রাজি না হওয়ায় খুন! মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার নেপানগর থানা এলাকার নাওয়ারা গ্রামের ঘটনা। বছর ৩৫-এর ভাগ্যশ্রী নামদেব ধানুক নামের এক মহিলাকে তাঁর ঘরেই কুপিয়ে এবং গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে শেখ রইস নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রইস দীর্ঘদিন ধরেই ওই মহিলাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। সঙ্গে ছিল ধর্মান্তরের চাপ। ভাগ্যশ্রী রাজি না হওয়ায় শনিবার রাতে ঘরে ঢুকে তাঁকে নির্মমভাবে খুন করা হয়। অভিযোগ, রইস প্রথমে গলা কাটে, পরে একাধিকবার ছুরি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
ভাগ্যশ্রীর দিদি, সুভদ্রা বাই বলেন, 'রইস ওকে আগেও মেরেছে, চুল ধরে টেনেছে। বিয়ের জন্য ও ধর্ম পাল্টানোর জন্য চাপ দিচ্ছিল। কিন্তু আমার বোন রাজি হয়নি। তাই রাতে ঘরে ঢুকে ওর গলা কেটে দেয়।'
ঘটনার পরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। হিন্দু সংগঠনগুলির তরফে একে ‘লাভ জিহাদ’-এর ঘটনা বলে দাবি করা হয়। পুলিশকে দায়ী করে প্রতিবাদীদের তরফে অমিত ভারুডে বলেন, 'ভাগ্যশ্রী কয়েকদিন আগেই থানায় অভিযোগ জানিয়েছিল। পুলিশ অভিযুক্তকে ছেড়ে দেয়। এটাই খুনের পথ খুলে দেয়। এমন অপরাধীর ফাঁসি হওয়া উচিত।'
ঘটনার গুরুত্ব বুঝে এলাকায় পৌঁছন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী অর্চনা চিটনিস। তিনি নিহতের পরিবারকে সান্ত্বনা জানান এবং দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযুক্ত শেখ রইসকে দ্রুত গ্রেফতার করেছে পুলিশ। বুরহানপুর জেলার অ্যাডিশনাল এসপি অন্তর সিং কনেশ জানিয়েছেন, খুন, জাতিগত বিদ্বেষ ও মহিলার উপর নৃশংসতা সংক্রান্ত একাধিক ধারায় রইসের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও কড়া পদক্ষেপ করা হয়েছে। নেপানগরের এসডিএম ভাগীরথ বাখলা জানান, রইসের বেশ কিছু বেআইনি সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, 'অভিযুক্ত একাধিক বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।'