মৃতের নাম এখনও জানানো হয়নি, তবে পুলিশ সূত্রে খবর,তাঁর বয়স ৩৫ বছর। কয়েক সপ্তাহ আগে গ্রাম ছেড়ে স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি, গঞ্জাম জেলায় চলে গিয়েছিলেন।
_0.jpeg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 August 2025 09:12
দ্য ওয়াল ব্যুরো: কালাজাদু সন্দেহে এক ব্যক্তিকে গলা টিপে খুন করে তাঁর পুরুষাঙ্গ কেটে দেহ ছুঁড়ে ফেলা হল জলাধারে। ওড়িশার গজপতি জেলার মালাসাপাদার ঘটনা। শনিবার রাতে ঘটনাটি হয়েছে বলে অনুমান পুলিশের। দেহ উদ্ধার হয়েছে রবিবার সকালে। ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে কালাজাদু খুন বলে মনে করা হচ্ছে।
মৃতের নাম এখনও জানানো হয়নি, তবে পুলিশ সূত্রে খবর,তাঁর বয়স ৩৫ বছর। কয়েক সপ্তাহ আগে গ্রাম ছেড়ে স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি, গঞ্জাম জেলায় চলে গিয়েছিলেন। মোহানা থানার অন্তর্গত মালাসাপাদার গ্রামে শনিবার ফেরেন নিজের গবাদি পশু আর ছাগল নিতে। গ্রাম ছেড়েছিলেন কারণ গ্রামবাসীরা তাঁর উপর কালাজাদু করার অভিযোগে হুমকি দিতে শুরু করেছিল। সে সময় তিনি নিজের পশুগুলির দেখভালের দায়িত্ব দিয়েছিলেন শ্যালিকাকে।
জানা যাচ্ছে, প্রায় দু’সপ্তাহ আগে গ্রামের এক মহিলার রহস্যমৃত্যুর পর থেকেই কালাজাদু ঘিরে সন্দেহ দানা বাঁধছিল। গ্রামবাসীদের ধারণা, ওই মহিলার মৃত্যুতে এই ব্যক্তিরই হাত রয়েছে। সেই সন্দেহ থেকেই শনিবার রাতে গ্রামে ঢুকতে তাঁকে তুলে নিয়ে যায় একদল গ্রামবাসী। এরপর গলা টিপে খুন করা হয়, তার পর কেটে নেওয়া হয় পুরুষাঙ্গ। দেহ ছুড়ে ফেলা হয় হারাভাঙি জলাধারে।
গোটা ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জন গ্রামবাসীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন গ. উদয়গিরি মহকুমার পুলিশ আধিকারিক সুরেশচন্দ্র ত্রিপাঠী। গ্রামে এখনও চাপা উত্তেজনা রয়েছে। আতঙ্কে রয়েছে মৃত ব্যক্তির পরিবারও।
এই ঘটনা আবারও তুলে ধরেছে গ্রামীণ ভারতে এখনও কতটা গভীরে গেঁথে রয়েছে কুসংস্কার আর কালাজাদুর ভয়। প্রশাসনের তরফে যদিও বলা হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে মানবাধিকার সংগঠনগুলি প্রশ্ন তুলেছে, ২১ শতকের ভারতেও কীভাবে এমন বর্বরতা সম্ভব?