সেদিন শোরুমে ঠিক কী ঘটেছিল তা বর্ণনা করে তিনি জানান, 'আমি,আমার পরিবারের সদস্য এবং এক সেলসম্যানের সঙ্গে গাড়ির ভিতরে ছিলাম। গাড়িটি তখন হাই আরপিএম-এ ছিল, সেলসম্যান আগেই বলেছিলেন।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 13 September 2025 19:17
দ্য ওয়াল ব্যুরো: নতুন গাড়ি কিনে শোরুমেই পুজো সারছিলেন। লেবুর উপর দিয়ে যেতে গিয়েই দোতলার কাঁচের দেওয়াল ভেঙে পড়ল রাস্তায়। দুমড়ে মুচড়ে যায় ২৭ লক্ষ টাকার থার (Mahindra showroom incident)। এরপরই দুর্ঘটনায় চালক মণি পাওয়ারের মৃত্যু খবর নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে নিজেই সেই ভুল ভাঙালেন দিল্লির তরুণী (Maani Pawar death rumour)।
জানা গেছে, গাড়ি ডেলিভারি নেওয়ার সময় মণি লেবুর উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। অ্যাক্সিলেটরে জোরে চাপ দেওয়ায় গাড়িটি ছিটকে দোতলা থেকে বাইরে পড়ে যায়।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটি শোরুমের প্রথম তলা থেকে পড়ে রাস্তায় উল্টে রয়েছে। চারপাশে ছড়িয়ে রয়েছে কাঁচের টুকরো আর ভাঙা অংশ।
জানা যায়, দুর্ঘটনার পর গাড়ি থেকে অক্ষত অবস্থায় বাইরে বেরিয়ে আসেন মণি, তাঁর স্বামী এবং শোরুমের এক কর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছিল বলেই জানা গেছে।
নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে মণি বলেন, "এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হল ভুয়ো খবরগুলো থামানো। কিছু মানুষ শুধুমাত্র ভিউ আর লাইক পাওয়ার জন্য ভুল ভিডিও ছড়াচ্ছে। কেউ বলেছে আমার হাত-পা ভেঙে গেছে, কেউ বলছে নাক ভেঙেছে, এমনকি মৃত্যুর খবরও ছড়িয়েছে। এগুলো সব ভুয়ো খবর।"
সেদিন শোরুমে ঠিক কী ঘটেছিল তা বর্ণনা করে তিনি জানান, 'আমি,আমার পরিবারের সদস্য এবং এক সেলসম্যানের সঙ্গে গাড়ির ভিতরে ছিলাম। গাড়িটি তখন হাই আরপিএম-এ ছিল, সেলসম্যান আগেই বলেছিলেন। হঠাৎ গাড়িটি তীব্র গতিতে ছুটে যায়, নীচে পড়ে উল্টে যায়।'
তিনি আরও বলেন, 'গাড়ি নীচে পড়ে যাওয়ার পর আমরা তিনজন সামনের দরজা দিয়ে বেরিয়ে আসি। আমাদের কারও কোনও চোট লাগেনি। আমি বেঁচে আছি, মরিনি। দয়া করে ভুয়ো ভিডিও ছড়ানো বন্ধ করুন।'