বন দফতরের তথ্য অনুযায়ী, এ বছরে আরও দু’জন চিতাবাঘের আক্রমণে আহত হয়েছেন।

বাড়ির বাইরে বেরলেই চিতাবাঘের ভয়
শেষ আপডেট: 27 September 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: বাড়ির বাইরে বেরলেই চিতাবাঘের ভয় (Leopard attack), এই আতঙ্কে রীতিমতো কাঁটা হয়ে রয়েছেন পুণের (Pune) জুন্নর তালুকার বাসিন্দারা। সম্প্রতি চিতাবাঘের ভয়াবহ এক হামলার এক ঘটনা ঘটায় ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে।
মাত্র ছয় বছরের এক বাচ্চা, নাম সিদ্ধার্থ প্রভীণ কেদকার, প্রাণ হারিয়েছে এই মর্মান্তিক ঘটনায় (death in leopard attack)।
জানা গিয়েছে, সিদ্ধার্থ প্রথম শ্রেণির ছাত্র ছিল। বুধবার সন্ধ্যায় কুমশেত গ্রামে বাড়ির বাইরে বসে পড়াশোনা করছিল সে। সন্ধ্যা আন্দাজ সাড়ে সাতটার দিকে হঠাৎই এক চিতাবাঘ অতর্কিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। টেনে নিয়ে যায়। সেই সময় আশপাশে কেউ ছিল না।
পরিবার তাকে বাড়িতে খুঁজে না পেয়ে প্রথমে কিছু বুঝতে পারেনি। ভেবেছিল কাছাকাছি কোথাও আছে সে। পরে আরও খানিক সম্য পেরিয়ে যাওয়ার পরও সিদ্ধার্থ ফিরে না আসায় প্রতিবেশী ও আত্মীয়দের বাড়িতে খুঁজতে থাকে তার বাড়ির লোকজন। কিছুক্ষণ পর বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে শিশুটির দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, সিদ্ধার্থ দিনমজুর দম্পতির একমাত্র সন্তান। তারা থাকতেন ঠাকুর বসতিতে, যেখানে মাত্র ১০–১৫টি ঘর রয়েছে।
এ ঘটনা এই নিয়ে চলতি বছরে, ২০২৫–২৬ সালে পুণে জেলায় চিতাবাঘের হামলায় দ্বিতীয় মৃত্যু। এর আগে এপ্রিল মাসে শিরুর ইনামগাঁওয়ে এক ৮৫ বছরের বৃদ্ধা বাড়ির বাইরে ঘুমিয়ে থাকাকালীন চিতাবাঘের আক্রমণে প্রাণ হারান।
বন দফতরের তথ্য অনুযায়ী, এ বছরে আরও দু’জন চিতাবাঘের আক্রমণে আহত হয়েছেন। ২০২৪–২৫-এ পুণে জেলায় মোট নয়জনের মৃত্যু ও নয়জনের আহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে চিতাবাঘ সংক্রান্ত হামলায়।