শেষ বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, বিহারের মানচিত্রে বড় ফ্যাক্টর হয়েছিল বামেরা। কিন্তু ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের ফল (Bihar Election Result) যেন সব কিছু ওলট-পালট করে রেখে দিল। বলা ভাল বামেদের ওপর নজর লেগে গেছে।

বিহারে বিপন্ন বামেরা
শেষ আপডেট: 14 November 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ৩৪ বছর ক্ষমতায় থাকার পরও আজ এই রাজ্যে বামেরা শূন্য (Left)। তবে পড়শি রাজ্য বিহারে (Bihar Election) কংগ্রেসকেও (Congress) ছাপিয়ে গিয়েছিল সিপিএম। শেষ বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, বিহারের মানচিত্রে বড় ফ্যাক্টর হয়েছিল বামেরা। কিন্তু ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের ফল (Bihar Election Result) যেন সব কিছু ওলট-পালট করে রেখে দিল। বলা ভাল বামেদের ওপর নজর লেগে গেছে।
বিহার নির্বাচনের গণনায় ছবিটা স্পষ্ট ২০২০-র জোয়ার সম্পূর্ণ থেমে গিয়েছে। ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও শুক্রবার সন্ধে ৬টা পর্যন্ত মাত্র দু'টি কেন্দ্রে এগিয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী–লেনিনবাদী)–লিবারেশন (CPI(ML)-L)।
বাকি বাম শিবিরের অবস্থাও তেমন উজ্জ্বল নয়, কেবল সিপিএম-এর জিম্মায় একটি আসন। ২০২০ সালের তুলনায় এই ছবি বামেদের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তখন মহাগঠবন্ধনের জোট হিসেবে ২৯টি আসনে লড়ে বামেরা দখল করেছিল ১৬টি। সিপিআই(এমএল)- এল লড়েছিল ১৯টিতে। জিতেছিল ১২টি। সাফল্যের হার ছিল ৬৩ শতাংশ। সিপিআই ও সিপিআই(এম) ছ’টি ও চারটি কেন্দ্রে লড়ে জিতেছিল দু’টি করে আসন।
এ বছর মাত্র একটি বাড়তি আসন নিয়ে লড়াইয়ে নামে সিপিআই(এমএল)-এল। দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য জানান, জোটে বিকাশশীল ইনসান পার্টি (মুকেশ সাহনি) এবং ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টিকে (আইপিগুপ্ত) জায়গা দেওয়ায় আসন ভাগে অতিরিক্ত সুযোগ আসেনি।
২০২০-র ফল নিয়ে তখন থেকেই ভিন্ন বিশ্লেষণ ছিল। কেউ বলেছিলেন, আরজেডি-র সংগঠনের কাঁধে চড়েই সাফল্য পেয়েছিল বাম দলগুলি। কারও মতে, মাঠে লম্বা সময় ধরে করা কাজের ফল পেয়েছে মতাদর্শে দৃঢ় এই দলগুলি। সেই বছরই প্রথম আরজেডি-র সঙ্গে সরাসরি জোটে আসে CPI(ML)-L। যা বাম রাজনীতির দৃষ্টিকোণ থেকে বড় বদল ছিল।
কিন্তু চলতি নির্বাচনের প্রবণতায় স্পষ্ট যে বামেদের আগের উত্থান অনেকটাই নির্ভর করেছিল জোটের সামগ্রিক পারফরম্যান্সের উপর। এ বার সেই ছবি নেই। সন্ধে ৬ টা পর্যন্ত আরজেডি ১৪৩ আসনের মধ্যে মাত্র ২৫টিতে এগিয়ে। কংগ্রেস ৬১টি আসনের মধ্যে এগোতে পেরেছে মাত্র ৫টিতে।
২০২০-তে ১৯টি আসন জেতা কংগ্রেস এ বার মাত্র এই পাঁচটি আসনেই লড়াই ধরে রাখতে পেরেছিল (সকাল ১১টা ৫৮-র হিসেব অনুযায়ী)। সাফল্যের হার ছিল ১১.৬ শতাংশ।
অন্যদিকে, এনডিএ ২০০-র গণ্ডি পেরিয়ে গেছে। যার মধ্যে বিজেপি ৯২ এবং জেডি(ইউ) ৮২ আসনে এগিয়ে। মহাগঠবন্ধন এগিয়ে মোটে ৩৫টিতে। তার মধ্যে আরজেডি ২৫টি। মোট কথা, বিহারে বামেদের সাফল্যের যে গল্প পাঁচ বছর আগে লেখা হয়েছিল, এ বার তা বিলীন।